২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০২ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জাপা, এরশাদ চারটিতে

আসন্ন সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের মধ্যে ১০২টি আসনে প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান এইচএম এরশাদ ঢাকায় একটিসহ মোট চারটি আসনে নির্বাচন করবেন। >>জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তালিকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 09:37 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের মধ্যে ১০২টি আসনে প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান এইচএম এরশাদ ঢাকায় একটিসহ মোট চারটি আসনে নির্বাচন করবেন। এছাড়া এরশাদের ভাই জিএম কাদের তিনটি এবং স্ত্রী রওশন এরশাদ দুটি আসনে লড়বেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এতে বলা হয়, দলের মনোনয়ন বোর্ড এ তালিকা চূড়ান্ত করেছে। পর্যায়ক্রমে ৩০০ আসনের তালিকা চূড়ান্ত করা হবে। জাতীয় পার্টি মহাজোটে গেলে জোটের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে এ তালিকা থেকে নির্দিষ্ট সংখ্যক জাপা প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। দলীয় চেয়ারম্যান এরশাদকে ঢাকা-১৭ (উত্তরা), রংপুর-৩, কুড়িগ্রাম-২, হবিগঞ্জ-৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ নির্বাচন করবেন ময়মনসিংহ-৪ ও গাইবান্ধা-২ আসনে। সভাপতিমণ্ডলীর অপর সদস্য জিএম কাদের নীলফামারী-৩, লালমনিরহাট-৩ ও ঢাকা-১৮ (বাড্ডা) আসনে প্রার্থী করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের মধ্যে যারা প্রার্থী হচ্ছেন; তারা হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম-৪), সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর আহমদ (কুমিল্লা-১১), মহাসচিব রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১), মোস্তফা জামাল হায়দার (পিরোজপুর-১), সুনীল গুপ্ত (বরিশাল-১), জাহাঙ্গীর মো. আদেল (ঢাকা-৭), সৈয়দ আবু হোসেন বাবলা (ঢাকা-৫), অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শামসুল হক (চাঁদপুর-২), ড. টি আই ফজলে রাব্বী (গাইবান্ধা-৩), করিমউদ্দিন ভরসা (রংপুর-৪), গোলাম হাবিব দুলাল (কুড়িগ্রাম-৪), ফকির আশরাফ (নেত্রকোনা-২), নাসিম ওসমান (নারায়ণগঞ্জ-৫), মাইদুল ইসলাম (কুড়িগ্রাম-৩)। ২০০১ সালের নির্বাচনে জাতীয় পার্টি ১৪টি আসনে জয়ী হয়। ২০০৭ সালের বাতিল হওয়া সংসদ নির্বাচনের আগে দলটি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে যোগ দেয় এবং ৬০টি আসনে প্রাথমিকভাবে জোটের মনোনয়ন পায়। এবার নির্বাচনেও মহাজোটের হয়ে অংশ নিতে আগ্রহী জাতীয় পার্টি। তবে তা এখনও চূড়ান্ত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৩৭ ঘ.