ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন মামলায় সাবেক প্রতিমন্ত্রী মীর নাছিরকে বৃহস্পতিবার জামিন দিয়েছে হাইকোর্ট। এছাড়া, একই ধরনের দুর্নীতি মামলায় বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
মীর নাছিরের জামিন আবেদন মঞ্জুর করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্ট বেঞ্চ। সাবেক এই প্রতিমন্ত্রী নিম্ন আদালতে এ মামলায় ১৩ বছরের কারাদণ্ড পেয়েছেন।
নাছিরের পক্ষে বৃহস্পতিবার শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক ও অ্যাডভোকেট আহসানুল করিম।
অবৈধ সম্পদ অর্জনের আরেক মামলায় বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
ফালুর জামিন স্থগিতের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপর শুনানি গ্রহণ করে প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়।
তবে মামলার কার্যক্রম স্থগিতের হাইকোর্টের আদেশ খারিজ করেছে আপিল বিভাগ। ফলে ফালুর বিরুদ্ধে নিম্ন আদালতে মামলাটির কার্যক্রম চলবে।
ফালুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল আজিজ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/১৮৪০ ঘ.
bdnews24