ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য জোটের শরিক প্রার্থীদের 'নৌকা' প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে আওয়ামী লীগ।
দলের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার ইসি সচিব মো. হুমায়ুন কবিরের কাছে ওই আবেদনপত্রটি জমা দেয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান পরে সাংবাদিকদের বলেন, "১৮ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ জোটগতভাবে অংশ নেবে। জোটের কোনও দল আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করতে চাইলে তা ব্যবহারের সুযোগ দেওয়ার জন্য কমিশনের কাছে আবেদন করা হয়েছে।"
আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বিষয়টি নিয়ে এর আগে ইসির সঙ্গে আলোচনা করেছে জানিয়ে তিনি বলেন, "তার পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন যাতে কোনোভাবেই না পেছানো হয়, সেকথাও কমিশনকে বলেছি।"
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলেন, "ইসি সচিব জানিয়েছেন, নৌকা প্রতীক ব্যবহারে আগ্রহী দলগুলোর প্রার্থীর মনোনয়নপত্রে বিষয়টি উল্লেখ করতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে ওই প্রার্থীকে নৌকা প্রতীক ব্যবহার করার জন্য সম্মতিপত্রও জমা দিতে হবে।"
এর প্রশ্নের জবাবে আব্দুল মান্নান অভিযোগ করেন, "নির্বাচনী এলাকায় প্রার্থীরা মুদ্রিত বা সিডি আকারে কোনো ভোটার তালিকা পাচ্ছেন না। তালিকা সরবরাহ নিশ্চিত করতে ইসি সচিবকে অনুরোধ করা হয়েছে।"
আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরো ছিলেন উপ দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হক, সহ সম্পাদক সুভাষ সিংহ রায় ও রিয়াজুল কবির কায়ছার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এসএনডি/এমআই/১৮২১ ঘ.
bdnews24