২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে সাবেক এসপি ও এনবিআর পরিচালকের সাজা

দুর্নীতির আলাদা দুটি মামলায় সাবেক এক পুলিশ সুপার (এসপি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক পরিচালক দণ্ডিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 10:15 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির আলাদা দুটি মামলায় সাবেক এক পুলিশ সুপার (এসপি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক পরিচালক দণ্ডিত হয়েছেন। সাবেক এসপি মুজিবুল হককে ১২ বছর এবং এনবিআর পরিচালক জহুরুল হককে ১৩ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। তাদের স্ত্রী ও সন্তানদেরও সাজা দেওয়া হয়েছে। তবে সাজাপ্রাপ্তরা সবাই পলাতক। তাদের অনুপস্থিতিতেই বৃহস্পতিবার সংসদ ভবনের বিশেষ আদালতে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা দুটির রায় হয়। মুজিবুল হককে ১২ বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করে রায় দেন বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. আবু হানিফ। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে। একই রায়ে স্বামীকে দুর্নীতিতে সহযোগিতা করায় মুজিবুল হকের স্ত্রী সাহিদা হক ও ছেলে ডা. মো. শহিদুল হককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে। এই পরিবারের অবৈধভাবে অর্জিত সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত। গত ৬ জানুয়ারি রমনা থানায় মুজিবুল হক পরিবারের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। অন্যদিকে, বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এনবিআর পরিচালক জহুরুল হককে ১৩ বছর কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা, তা অনাদায়ে আরও এক বছর সশ্রম সাজার দণ্ডাদেশ দেন। জহুরুল হকের স্ত্রী আফিয়া হককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও ৬ মাস কারাভোগ করতে হবে। রায়ে অভিযুক্তদের অবৈধভাবে অর্জিত ৯২ লাখ ৯৫ হাজার টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়। জহুরুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয় গত ৯ জানুয়ারি, রমনা থানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এমআই/১৬১০ ঘ.