২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে নির্বাচনে বাইরে রাখলে ফল ভাল হবে না: দেলোয়ার

বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করা হলে পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দিলেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। অন্যদিকে নির্বাচনে যাওয়ার শর্ত হিসেবে আবারও ৭ দফা মেনে নেওয়ার দাবিও উচ্চারণ করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 12:04 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করা হলে পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দিলেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। অন্যদিকে নির্বাচনে যাওয়ার শর্ত হিসেবে আবারও ৭ দফা মেনে নেওয়ার দাবিও উচ্চারণ করেছেন তিনি। 'বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপিপন্থী মুক্তিযোদ্ধাদের সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন দেলোয়ার। বিএনপি মহাসচিব তাদের গত কিছুদিন ধরে করে আসা অভিযোগের পুনরাবৃত্তি করে বলেন, "নির্বাচন কমিশন নির্বাচনের সমান সুযোগ সৃষ্টি করেনি। একটি বিশেষ দলকে তারা ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করছে।" বিএনপিকে বাইরে রেখে 'পাতানো নির্বাচন' করা হলে জনগণ তা মেনে নেবে না বলেও আবারও সতর্ক করে দেন তিনি। বিএনপি একটি নির্বাচনমুখী দল উল্লেখ করে দেলোয়ার বলেন, "আমরা নির্বাচনে যেতে চাই। কিন্তু সুষ্ঠু পরিবেশ তৈরি না হলে সে নির্বাচনে আমরা যাব না। জরুরি অবস্থার মধ্যে কোনোভাবেই নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এ জরুরি অবস্থা অবশ্যই প্রত্যাহার করে নিতে হবে।" তিনি ৭ নভেম্বরের সরকারি ছুটি পুনর্বহাল ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুদিবস ৩০ মে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান। সংগঠনের সভাপতি অধ্যক্ষ সোহরাবউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান, বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক খায়রুল কবীর খোকন, মহিলা দলের শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এসকে/১৭৫৪ঘ.