ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের আমীর মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার থেকে তিন দিন সারাদেশে বিক্ষোভ সমাবেশ, ১৪ নভেম্বর দোয়া ও ১৬ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় ও জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দান।
সোমবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, "সরকার একটি দলের প্রতি সহানুভূতি এবং চারদলের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। এটা এখন পরিষ্কার, সরকার ওই দলটিকে ক্ষমতায় বসাতে চায়।"
চারদল যেন নির্বাচন করতে না পারে সে জন্য এসব 'ষড়যন্ত্র' করা হচ্ছে মন্তব্য করে কামারুজ্জামান বলেন, "হাইকোর্টে 'কোয়াশমেন্ট' আবেদন থাকার পরও চারদলের শীর্ষ নেতাদের জামিন বিবেচনা করা হয়নি। এতে মনে হচ্ছে সরকার নির্বাচনের ব্যাপারে আন্তরিক নয়।
তিনি বলেন, "আমাদের সঙ্গে আলোচনায় সরকার সাত দফার মধ্যে ছয়টির ব্যাপারে একমত হয়েছে বলে ঘোষণা দেয়। কিন্তু বাস্তবে এর কোন প্রতিফলন দেখিনি। শীর্ষ নেতাদের জামিন না দিয়ে সাত দফার সঙ্গে আরও একদফা যোগ করল।"
সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, আবদুল কাদের মোল্লা, মজিবুর রহমান, দেলাওয়ার হোসাইন সাঈদী, অধ্যাপক তাসনীম আলম, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসকে/২১৫৫ঘ.
bdnews24