ঢাকা, নভেম্বর ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নিযুক্ত নয়টি আরব ও মুসলিম দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সোমবার সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
এরা হলেন- সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন নাসের আল বুশাইরি,সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত খালফান বাট্টাল আলী আল, লিবিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ এ এম দারহুবি, মরক্কোর রাষ্ট্রদূত মোহাম্মদ হুরোরো, মিসরের রাষ্ট্রদূত ফাইয়াজ নুসতাফা নোসিয়ার, কাতারের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মেদ এ আল-আবদুলা, ফিলিস্তিনি রাষ্ট্রদূত শাহের মোহাম্মাদ এবং ওমান ও কুয়েতের প্রতিনিধি।
সন্ধ্যায় সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত তারা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী ও অন্যতম উপদেষ্টা সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকের পর শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, "রাষ্ট্রদূতদের সঙ্গে খালেদা জিয়ার এটি ছিল সৌজন্য বৈঠক। রাষ্ট্রদূতরা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি চান। সে কারণেই তারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সুষ্ঠু নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।"
বৈঠক শেষে কূটনীতিকদের পক্ষে ফিলিস্তিনি রাষ্ট্রদূত শাহের মোহাম্মাদ সাংবাদিকদের বলেন," আমরা খালেদা জিয়ার সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেছি। আরব দেশগুলো আশা করে সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অন্ুিষ্ঠত হবে।"
রাষ্ট্রদূত জানান, খালেদা জিয়া বলেছেন, সুষ্ঠু নির্বাচনে তার দল অংশ নিতে চায়।
রোববার আরব দেশের রাষ্ট্রদূতরা আরেক সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ধানমন্ডির সুধা সদনে সাক্ষাৎ করেন।
সোমবার তারা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের সঙ্গেও সাক্ষাত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৫৩ঘ.
bdnews24