২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে আনতে বিএনপির সঙ্গে আলোচনা হবে: গোলাম কাদের

বিএনপিকে নির্বাচনে আনতে সরকার দলটির সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন উপদেষ্টা গোলাম কাদের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দায়িত্বপ্রাপ্তদের অন্যতম এই উপদেষ্টা আশাবাদী, বিএনপিও নির্বাচনে অংশ নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 10:08 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে নির্বাচনে আনতে সরকার দলটির সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন উপদেষ্টা গোলাম কাদের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দায়িত্বপ্রাপ্তদের অন্যতম এই উপদেষ্টা আশাবাদী, বিএনপিও নির্বাচনে অংশ নেবে। যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "বিএনপি নির্বাচনে যাবে না, এটা তো বলেনি। আমি যতদূর জানি তারা নির্বাচনে আসছে। তবে দাবি মানা-না মানার বিষয়টি আলোচনার মাধ্যমেই সুরাহা করা হবে।" বিএনপি ইতোমধ্যে জানিয়েছে, সংলাপে দেওয়া তাদের সাত দফা দাবি বাস্তবায়ন না হলে তারা নির্বাচনে যাবে না। এ প্রেক্ষাপটে সরকার কোনও উদ্যোগ নিচ্ছে কিনা- সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা ওই কথা বলেন। সংসদীয় আসনগুলোর পুরনো সীমানায় নির্বাচন অনুষ্ঠানে বিএনপির দাবির বিষয়ে জানতে চাওয়া হলে গোলাম কাদের বলেন, "এ বিষয়টি এখন আদালতের। এখানে সরকারের কিছুই করার নেই। আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত রয়েছে। তবে রোববার তফসিলে কিছুটা পরিবর্তন এনে ২০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ২ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৩ নভেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমআই/১৬১০ ঘ.