ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) মো: শামসুল আলমকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৮৮ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে স্বামীর দুর্নীতিতে সহযোগিতা করায় শামসুল আলমের স্ত্রী খাদিজা আনামকে তিন বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
আসামিরা পলাতক রয়েছেন।
রোববার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক তানজীনা ইসমাইল এ রায় দেন।
আসামির অবৈধভাবে অর্জিত সব সম্পত্তি রাষ্ট্র বরাবার বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক শেখ ফাইয়াজ আলম রমনা থানায় মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে এক কোটি চার লাখ ২৭ হাজার ৮৬ টাকার সম্পত্তি অর্জন করেছেন। একইসঙ্গে কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে এর তথ্য গোপন করেছেন।
তাদের আটক বা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১৫৪৭ ঘ.
bdnews24