রংপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে স্থানীয় নেতাদের মধ্য থেকে একজনকে সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির স্থানীয় নেতা-কর্মীরা।
এ দাবিতে শনিবার উপজেলা সদরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন তারা। দাবি না মানলে গঙ্গাচড়া উপজেলার সব নেতাকর্মী একযোগে পদত্যাগ করবেন বলেও তারা হুমকি দিয়েছেন।
উপজেলা জাপা নেতা নেজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাজহারুল ইসলাম লেবু, আলমগীর হোসেন, আব্দুল খালেক, জমিদার রহমান টাইগার, নীলুফা ইয়াসমিন, নার্গিস আখতার প্রমুখ।
জাপা নেতারা অভিযোগ করেন, স্বাধীনতার পর শুধু ১৯৮৬ সালে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন গঙ্গাচড়া উপজেলার ময়েন উদ্দিন সরকার। তার মৃত্যুর পর সব নির্বাচনে বহিরাগত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।
স্থানীয় পরীক্ষিত ও ত্যাগী নেতাদের দলীয় মনোনয়ন না দিলে জাপার সব নেতাকর্মী একযোগে পদত্যাগ করবে বলে তারা হুমকি দেন।
এ আসন থেকে '৯১ সালে কাউনিয়া উপজেলার শিল্পপতি করিম উদ্দিন ভরসা, '৯৬ সালে সদরের শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু এবং ২০০১ সালে সদরের মশিয়ার রহমান রাঙ্গাকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
এবারের নির্বাচনে এরশাদ তার ভাইপো আসিফ শাহরিয়ারকে মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩১ ঘ.
bdnews24