ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র বহিস্কৃত মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব জাহানারা বেগম।
বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে তার বাসায় এক বৈঠকের পর জাহানারা সাংবাদিকদের এ কথা বলেন।
মান্নান ভূঁইয়া এলডিপিতে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করেছেন কি না- জানতে চাইলে জাহানারা বলেন, "হ্যাঁ, তিনি যোগাযোগ করেছেন।"
এ বিষয়ে এলডিপির সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, "তার বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। সিদ্ধান্ত তাকেই নিতে হবে।"
এর আগে, সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, "আমরা একটি নির্বাচনী মহাজোট গঠন করতে চাই। আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে চাই এবং ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করতে চাই।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আসন ভাগাভাগি নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। জোট গঠন করতে হলে সবাইকেই ছাড় দিতে হবে। ত্যাগ স্বীকার করতে হবে।"
জাহানারা বেগমও বলেন, আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে এলডিপির কোনো বিরোধ হবে না। যে আসনে জয়ের সম্ভাবনা আছে শুধু সে আসনগুলোই তার দল চাইবে।
বৈঠকে সৈয়দ আশরাফের সঙ্গে ছিলেন হাসান মাহমুদ ও আব্দুস শহীদ। জাহানারা বেগমের সঙ্গে রেদওয়ান আহমেদ ও আলমগীর কবীর তালুকদার উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২২১৩ঘ.
bdnews24