ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উদ্দেশে লন্ডন থেকে রওনা হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় হিথ্রো বিমানবন্দর থেকে হাসিনাকে বহনকারী বিমানটি যাত্রা শুরু করে। বৃহস্পতিবার সকাল ৮টায় আওয়ামী লীগ সভানেত্রীর ঢাকা পৌঁছার কথা।
শেখ হাসিনার সঙ্গে ঢাকা আসছেন দলের কেন্দ্রীয় বিভাগীয় উপ কমিটির সহ-সম্পাদক আব্দুস সোবহান গোলাফ, কানাডা আওয়ামী লীগের সভাপতি সারোয়ার হোসেন ও যুক্তরাজ্য যুবলীগের সভাপতি আনোয়ারুজ্জামান চৌধুরী।
এর আগে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন হাসিনা।
দলীয় সভানেত্রীকে স্বাগত জানাতে বৃহস্পতিবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধানমন্ডির সুধা সদন পর্যন্ত রাস্তায় ব্যাপক জনসমাগম করার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ।
দলীয় নেতারা জানান, হাসিনাকে স্বাগত জানানোর মধ্য দিয়ে আওয়ামী লীগ ১৮ ডিসেম্বরের নির্বাচনের প্রচার কাজ শুরু করবে।
হাসিনাকে স্বাগত জানানোর কর্মসূচি ঠিক করতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের বর্ধিত সভা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/২২১০ ঘ.
bdnews24