২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: দেলোয়ার

সরকার একটি বিশেষ দল ও গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করছে- এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার বলেছেন, "কোনো পাতানো নির্বাচনে আমরা যেতে পারি না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার একটি বিশেষ দল ও গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করছে- এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার বলেছেন, "কোনো পাতানো নির্বাচনে আমরা যেতে পারি না।" বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে 'বিপ্লব ও সংহতি দিবস' সামনে রেখে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশে দেলোয়ার বলেন, "পাতানো নির্বাচনের মাধ্যমে 'রাবার স্ট্যাম্প সংসদ' ও 'পুতুল সরকার' প্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখে দেওয়ার শপথ নিতে হবে আমাদের। "একটি নীল নকশা হচ্ছে। জাতিকে ঐক্যবদ্ধ করে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।" বিএনপি বেশ কিছুদিন থেকেই 'নীল নকশা ও পাতানো নির্বাচনের' আশঙ্কা প্রকাশ করে সমর্থকদের এর বিরুদ্ধে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে আসছে। সরকারকে উদ্দেশ্য করে মহাসচিব বলেন, "বিএনপি নির্বাচনমুখী দল। আমরাও নির্বাচনে যেতে চাই। আমাদের নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র পরিহার করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করুন।" 'জরুরি অবস্থায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না' মন্তব্য করে দেলোয়ার বলেন, "নির্বাচনের ফল বিশেষ কারো পক্ষে নেওয়া হবে- এমন আশঙ্কার মধ্যে আমরা নির্বাচন চাই না। আমরা চাই '৯১, '৯৬ ও ২০০১ সালের মতো নির্বাচন হোক।" তিনি অভিযোগ করেন, "সরকারের সঙ্গে সংলাপে উপদেষ্টারা বিএনপির সাত দফার মধ্যে ছয় দফা মেনে নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত একটি দফাও পূরণ করেনি।" দেলোয়ার বলেন, "১৯৭৫ সালের যে প্রেক্ষাপটে ৭ নভেম্বরের সৃষ্টি হয়েছিল, আজকের প্রেক্ষাপট তার চেয়েও কঠিন, ভয়াবহ। স্বাধীনতা, গণতন্ত্র সব কিছু আজ হুমকির মুখে। প্রাণপ্রিয় স্বাধীনতাকে আমরা কোনোভাবেই খর্ব হতে দেব না।" ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু বক্তব্য দেন। বক্তারা ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেকে/এসকে/২০২৯ঘ.