ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বুধবার বলেছেন, কোনো দল অংশ নিক বা না নিক, ১৮ ডিসেম্বর নির্বাচন হতেই হবে।
সন্ধ্যায় নিজের বাসায় বিভিন্ন জেলা, থানা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের পর জিল্লুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন।
বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা।
দলীয় মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, "মনোনয়ন দেবে দলের সংসদীয় বোর্ড। তৃণমূলের পাঠানো তালিকায় যার নাম এক নম্বরে থাকবে তাকেই অগ্রাধিকার দেওয়া হবে।"
তিনি দাবি করেন, "বড় দল হিসেবে আওয়ামী লীগে কিছু মতপার্থক্য থাকলেও আমরা ঐক্যবদ্ধ; কোনো ভুল বোঝাবুঝি নেই।"
২০০৭ সালের ১৬ জুলাই চাঁদাবাজি মামলায় শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পর থেকে জিল্লুর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
এদিন ঝিনাইদহের কালীগঞ্জ থানা আওয়ামী লীগ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ ও জাহাঙ্গীরনগর শিক্ষক সমিতির সদস্যরা জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জেকে/এসকে/২০২২ঘ.
bdnews24