ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কয়েকঘণ্টা আগে মঙ্গলবার মধ্যরাতে খালেদা জিয়া বৈঠক করেছেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সঙ্গে। খালেদার সেনানিবাসের বাড়িতে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদও।
বুধবার চারদলীয় জোটের বৈঠক থেকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ খালেদা জিয়ার বাড়ির একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেন, "রাত সাড়ে ১১টার দিকে জামায়াত সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ খালেদার সঙ্গে দেখা করতে আসেন। এর ১৫ মিনিট পরই তাদের সঙ্গে যোগ দেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।"
রাত ১১ টা ৫০ মিনিটে জামায়াত নেতা মুজাহিদ চলে যান।
এরপর উপদেষ্টা খালেদা জিয়ার সঙ্গে রাত পৌণে ১টা পর্যন্ত বৈঠক করেন।
মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে গুলশানের কার্যালয় থেকে খালেদা জিয়া বাসায় ফেরেন রাত ১১টার দিকে।
সুমন মাহমুদ বলছেন, নির্বাচনে যেতে খালেদাকে রাজি করাতে সরকারের বিশেষ বার্তা নিয়ে হোসেন জিল্লুর ওই বাড়িতে গেছেন।
এর আগে গত ১০ অক্টোবর রাতে খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় গিয়ে একাকী বৈঠক করে হোসেন জিল্লুর রাজনৈতিক বিতর্কের জন্ম দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/জিএনএ/১৪৩১ ঘ.
bdnews24