২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে নিবন্ধন সনদ দিল ইসি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) ছয়টি দলকে মঙ্গলবার নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 03:38 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) ছয়টি দলকে মঙ্গলবার নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন। সনদ পাওয়া অন্য দলগুলো হল- এরশাদের জাতীয় পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। এখন পর্যন্ত সব মিলিয়ে সাতটি রাজনৈতিক দল সনদ পেল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নিবন্ধন বাছাই কমিটির সদস্য উপ সচিব জেসমিন টুলী। তিনি বলেন, "আওয়ামী লীগসহ মোট ১৩টি রাজনৈতিক দলের নিবন্ধন সনদ তৈরি হয়েছে। দলগুলোকে মঙ্গলবার তা সংগ্রহ করতে বলা হয়। আওয়ামী লীগ জানিয়েছে, বুধবার তারা সনদ সংগ্রহ করবে।" নিবন্ধন সনদ দেওয়ার সময় দলের পক্ষে সংরক্ষিত প্রতীকও বরাদ্দ দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, "মঙ্গলবার সনদ পাওয়া এলডিপি'র প্রতীক ছাতা, জাতীয় পার্টির লাঙ্গল, বিএনপি পেয়েছে ধানের শীষ, বিকল্প ধারা কুলা, ওয়ার্কার্স পাটি- হাতুড়ি, সিপিবি কাস্তে ও জাসদ পেয়েছে মশাল।" নির্বাচন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবিরের কাছে থেকে সকালে নিবন্ধন সনদ সংগ্রহের পর বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, "সনদ পাওয়ার বিষয়ে বিএনপি কখনই দুঃশ্চিন্তায় ছিল না। তবে এখন আমরা খুবই আনন্দিত।" আরও যেসব দলের নিবন্ধন সনদ তৈরি হয়েছে সেগুলো হল- বাংলাদেশ আওয়ামী লীগ (প্রতীক- নৌকা), জাতীয় পার্টি- জেপি (বাইসাইকেল), বাংলাদেশের সাম্যবাদী দল (চাকা), কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (কুঁড়ে ঘর) ও গণতন্ত্রী পার্টি (কবুতর)। এদিকে নিবন্ধনের বিষয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকায় মঙ্গলবার খেলাফতে মজলিস, জমিয়াতে ওলামায়ে ইসলাম, নেজামে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোটের শুনানি নিয়েছে ইসি। শুনানি শেষে ইসির যুগ্মসচিব নুরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, ইসলামী ঐক্যজোট একটি দল হিসাবে নিবন্ধন পাওয়ার জন্য বিবেচিত হবে। জোটের নেতৃত্বে আছেন ফজলুল হক আমিনী ও আব্দুল লতিফ নেজামী। এছাড়া, নেজামে ইসলামী, বাংলাদেশ নেজামী ইসলামী, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ নামে আলাদা দল থাকবে। তবে জমিয়তে উলামায়ে ইসলাম ও বাংলাদেশ উলামায়ে ইসলাম দল দুটিকে নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বুধবার ইসিকে জানাতে হবে। গত ২০ অক্টোবর লিবারেল ডেমোক্রোট পার্টি- এলডিপি'র হাতে নিবন্ধন সনদ তুলে দেওয়ার মাধ্যমে সনদ বিতরণ কার্যক্রম শুরু করে ইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এসএনডি/এসকে/২১৩০ঘ.