২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দণ্ডিতদের মনোনয়ন দেওয়ার ঘোষণা জিল্লুরের

জরুরি বিধিতে দণ্ডিত এবং কারা অন্তরীণ দলীয় নেতাদের মনোনয়ন দেওয়ার প্রশ্নে অনড় অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনী আইনে জরুরি বিধিতে দণ্ডপ্রাপ্তরা অযোগ্য বিবেচিত হলেও এক্ষেত্রে সংবিধানের সমর্থন পাওয়া যাবে বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 01:26 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি বিধিতে দণ্ডিত এবং কারা অন্তরীণ দলীয় নেতাদের মনোনয়ন দেওয়ার প্রশ্নে অনড় অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনী আইনে জরুরি বিধিতে দণ্ডপ্রাপ্তরা অযোগ্য বিবেচিত হলেও এক্ষেত্রে সংবিধানের সমর্থন পাওয়া যাবে বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "জরুরি বিধিতে সাজাপ্রাপ্ত ও কারাগারে থাকা দলীয় নেতাদের আমরা মনোনয়ন দেব। কারণ, নির্বাচনী বিধির চেয়ে সংবিধান অনেক বেশি শক্তিশালী।" প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা গত ২৫ অক্টোবর রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে বলেন, "জরুরি বিধিমালার মামলায় যে কোনও মেয়াদে দণ্ডিত কেউই নির্বাচনে অংশ নিতে পারবে না। " ঋণখেলাপি ও বিলখেলাপিরাও নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবে বলে সিইসি জানান। তবে আওয়ামী লীগ আগে থেকেই জরুরি বিধিতে দণ্ডিতদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রাখার দাবি জানিয়ে আসছিল। নিজের গুলশানের বাসায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে জিল্লুর রহমানের সঙ্গে সাংবাদিকদের কথা হয়। মতবিনিময় সভায় তিনি বলেন, "শেখ হাসিনার স্থায়ী মুক্তি ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে যাবে না।" আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মঙ্গলবার দেশের উদ্দেশে যুক্তরাষ্ট্র ছেড়েছেন। ৬ নভেম্বর তার দেশে ফেরার কথা। তার সাময়িক মুক্তির মেয়াদও ওই দিন শেষ হচ্ছে। নূর আলীর মামলায় সুপ্রিম কোর্টে জামিন আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় হাসিনার ফের কারাগারে যাওয়ার বিষয়ে আওয়ামী লীগ নেতাদের উদ্বেগ রয়েছে। তবে আইনজীবীরা বলছেন, সরকার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ালে হাসিনাকে আর কারাগারে যেতে হবে না। ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তফসিল রোববার ঘোষণার পরপরই আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। তবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিসহ চারদলীয় জোট এখনও নির্বাচনে যাওয়া-না যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে বিএনপিও নির্বাচনে অংশ নেবে বলে আশাবাদী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। তিনি বলেন, "আশা করছি, বিএনপিও নির্বাচনে আসবে।" জিল্লুর রহমান উপজেলা নির্বাচন এক মাস পেছানোর আহ্বান জানান। তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের ১০ দিন পর ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এমআই/এসকে/১৯১৪ঘ.