ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক বিএনপি সাংসদ কারাবন্দি নাসিরউদ্দিন পিন্টুকে কোন প্রক্রিয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, কারা কর্তৃপক্ষের কাছে তার ব্যাখ্যা চাইবে আদালত।
মঙ্গলবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম এ কথা জানান।
পিন্টুর অসুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিচারক বলেছেন, যদি প্রমাণিত হয় আসামি অসুস্থ নয়, তাহলে তাকে অসুস্থ প্রমাণের জন্য যারা চেষ্টা চালিয়েছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ত্রাণের টিন আত্মসাতের একটি মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে পিন্টুকে মঙ্গলবার সংসদ ভবনের আদালতে হাজির করা হয়। ওই সময় স্ট্রেচারে শুয়ে থাকা পিন্টুর মুখে অক্সিজেন মাস্ক ও হাতে স্যালাইন দেওয়া ছিল। সঙ্গে একজন চিকিৎসকও এসেছিলেন।
আদালতের কার্যক্রমের শুরুতেই আসামি পক্ষের আইনজীবী বলেন, "আসামি গুরুতর অসুস্থ। চোখে দেখতে পাচ্ছেন না; কানেও শুনতে পারছেন না। এই অবস্থায় মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়ে দেওয়া হোক।"
তখন বিচারক আসামির অসুস্থতা প্রমাণে চিকিৎসাপত্র দেখতে চান। কিন্তু আইনজীবীরা তা দেখাতে পারেননি।
ওই পর্যায়ে বিচারক ফিরোজ আলম বলেন, "আসামি অসুস্থ কি না, তা না দেখেই কারা কর্তৃপক্ষ তাকে আদালতে পাঠিয়েছে? আপনারা বলছেন, তিনি (আসামি) অসুস্থ। অথচ কোনও চিকিৎসাপত্র আনেননি। এটা অবাক করার মতো বিষয়। এ বিষয়ে আদালতের মনে হাজারো প্রশ্নের জন্ম হয়েছে।"
"এর আগেও আপনারা একটা আবেদন দিয়েছিলেন। সেখানে আসামিকে সাত দিন সিসিইউতে রাখার কথা বলেছিলেন। কিন্তু আমি তো ওই আবেদন চাইনি। সিসিইউতে প্রতিদিন রাখতে খরচ ৪০ হাজার টাকা, সেখানে সাত দিন থাকাটা তো সৌভাগ্যের বিষয়।"
বিচারক পিন্টুর চিকিৎসার যাবতীয় কাগজপত্র উপস্থাপনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, "আসামির কী ধরনের চিকিৎসা হয়েছে, কী কী ওষুধ দেওয়া হয়েছে- তার চিকিৎসা সংক্রান্ত সব রেকর্ড আমি দেখতে চাই। প্রয়োজনে আলাদা মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ আমি দেব। যদি প্রমাণিত হয় আসামি অসুস্থ নয়, তাহলে এর সঙ্গে যারা জড়িত, তাদের সবার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব।"
কারা র্কর্তৃপক্ষকে কারণে দর্শানোর নির্দেশ দেওয়া হবে জানিয়ে ফিরোজ আলম বলেন, "গত প্রায় দেড় বছর ধরে ফুরফুরে মেজাজে আসামি আমার আদালতে এসেছে। পিজিতে (বিএসএমএমইউ) যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে গেল- এর কারণ কী? আর কার অনুমতি নিয়ে তাকে সেখানে ভর্তি করা হলো?- সে ব্যাখ্যা আমি কারা কর্তৃপক্ষের কাছে চাইব।"
এ প্রসঙ্গে বিচারক আরও বলেন, "আজও সংবাদপত্রে দেখলাম, ভুয়া চিকিৎসা সার্টিফিকেট দেওয়ায় এক আসামির জামিন বাতিল করেছে হাইকোর্ট।"
এরপর ফিরোজ আলম আগামী ১০ নভেম্বর মামলাটির সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন।
গত বছরের ১৯ মার্চ ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে পিন্টুসহ তিন জনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে ওই বছরের ১৭ ফেব্র"য়ারী পিন্টুকে আটক করে যৌথবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৭৫৭ ঘ.
bdnews24