২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোটে যেতে আলোচনা চালাচ্ছে বিকল্পধারা

আসন্ন নির্বাচনে মহাজোটের হয়ে অংশ নিতে আগ্রহী বিকল্পধারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা চালাচ্ছে। মঙ্গলবার রাজধানীর তোপখানা সড়কে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিকল্পধারা সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, "মহাজোটের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আলোচনা চলছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 11:53 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনে মহাজোটের হয়ে অংশ নিতে আগ্রহী বিকল্পধারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা চালাচ্ছে। মঙ্গলবার রাজধানীর তোপখানা সড়কে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিকল্পধারা সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, "মহাজোটের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আলোচনা চলছে।" তবে মহাজোটের হয়ে নির্বাচনে বিকল্পধারা কতটি আসন চাইবে তা স্পষ্ট করেননি সাবেক এ রাষ্ট্রপতি। তিনি বলেন, "বিষয়টি প্রক্রিয়াধীন। আলাপ-আলোচনার ভিত্তিতে এটা ঠিক করা হবে। মহাজোটে অনেক দলই আছে। সবার বিষয়টিই দেখতে হবে।" ৩০০ আসনের মধ্যে অর্ধেকের বেশি জায়গায় বিকল্পধারার সংগঠন এবং ভালো নেতৃত্ব রয়েছে দাবি করে বিকল্পধারা সভাপতি বলেন, "যে সব আসনে বিকল্পধারার প্রার্থীদের জয়লাভের সম্ভাবনা বেশি, সে সব আসনে মহাজোট থেকে মনোনয়ন নেওয়ার জন্য জোর দেওয়া হবে।" মহাজোটে যোগ দেওয়ার বিষয়টিও পুরোপুরি নিশ্চিত কিনা- সাংবাদিকরা প্রশ্ন করলে বি চৌধুরী বলেন, "আলাপ-আলোচনা চলছে। তবে এখনই স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।" চারদলের সঙ্গে জোট গঠনের কোনও সম্ভাবনা রয়েছে কিনা- সাংবাদিকরা জানতে চাইলে এক সময়ের বিএনপি নেতা বি চৌধুরী বলেছেন, "যেখানে স্বাধীনতাবিরোধীরা রয়েছে এবং যাদের মতাদর্শের সঙ্গে আমাদের অমিল রয়েছে; তাদের সঙ্গে আমরা জোট করব না।" সংবাদ সম্মেলনে বিকল্পধারা মহাসচিব আব্দুল মান্নান জানান, বুধবার থেকে দলের মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। ৮ ও ৯ নভেম্বর সাক্ষাৎকার গ্রহণের পর প্রার্থী চূড়ান্ত করা হবে। ১১ ও ১২ নভেম্বর চূড়ান্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। জরুরি অবস্থায় নির্বাচন চান কিনা- জানতে চাওয়া হলে বি চৌধুরী বলেন, "নির্বাচনের স্বার্থে জরুরি আইন যেটুকু দরকার, সেটুকু থাকতে হবে।" নির্বাচনে সেনাবাহিনী থাকার প্রয়োজন আছে বলেও জানান তিনি। নিজের নিরাপত্তার বিষয়ে বি চৌধুরী বলেন, "আমি সাবেক রাষ্ট্রপতি হওয়ায় আমাকেও এসএসএফের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দেওয়া উচিৎ ছিল। নিরাপত্তা নেব কী, নেব না- সেটা পরের ব্যাপার।" তিনি আরও বলেন, "তফসিল ঘোষণার পর নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে। তবে পরবর্তী সরকার গঠন নিয়ে সংশয় রয়েছে। কারণ কবে সরকার গঠন হবে তা এখনো নিশ্চিত না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৭৫৫ ঘ.