ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এ মামলায় বিএনপির সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীকে জামিন দিয়ে তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এছাড়া, জরুরি বিধিমালা ভঙ্গের মামলায় বিএনপি নেতা আ স ম হান্নান শাহকে আগাম জামিন দিয়েছে আদালত। পাশাপাশি প্রতারণার একটি মামলায় জামিন পেয়েছেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমান।
হাইকোর্টের আলাদা বেঞ্চ মঙ্গলবার এসব আদেশ দেয়।
এদিকে, করফাঁকি ও জালিয়াতির দু'টি মামলায় সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের জামিন আপিল বিভাগ বহাল রেখেছে।
মওদুদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতে জাতীয় রাজস্ব বোর্ড ও সরকারের আবেদন নাকচ করে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এ মতিন।
বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় আগামী ১০ নভেম্বরের মধ্যে মতিউর রহমান নিজামীকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি আফজাল হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ।
মামলাটি বাতিল ও জামিন চেয়ে নিজামীর করা আবেদনের ওপর আগামী ১১ নভেম্বর ফের শুনানির তারিখও দিয়েছে ওই বেঞ্চ।
আদেশের পর নিজামীর আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "আগামী ১০ নভেম্বর নিজামীকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে ১১ নভেম্বর হাইকোর্টে পরবর্তী শুনানি হবে।"
মামলাটি বাতিলের জন্য আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও সাইফুর রহমানের আবেদনের ওপর বুধবার হাইকোর্ট আদেশ দেবে- জানান তিনি।
একই মামলায় হাইকোর্টের একই বেঞ্চ স্বাস্থ্যগত কারণে ড. খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীকে দু'মাসের জামিন দেয়। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রমও ওই সময় পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এ দু'জনের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, "ড. খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তাদের কারামুক্তিতে কোনো বাধা নেই।"
বিচারপতি মো. আনোয়ারুল হক ও বিচারপতি ফারাহ্ মাহবুবের বেঞ্চ খালেদা জিয়ার উপদেষ্টা আ স ম হান্নান শাহসহ ১২ বিএনপির নেতাকর্মীকে জরুরি বিধিমালা ভঙ্গের মামলায় আগাম অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে।
আদালতের এ আদেশের ফলে ছয় মাস বা পুলিশ প্রতিবেদন- যেটি আগে হয় সে সময় পর্যন্ত তারা জামিন পেয়েছেন।
হান্নান শাহের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট আসাদুজ্জামান।
খালেদা জিয়ার এ উপদেষ্টাসহ ১২ জনের বিরুদ্ধে জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে গত ২ নভেম্বর চাঁদপুর থানায় মামলা করা হয়। এতে অভিযোগ ছিল, গত ৩১ অক্টোবর তিনি চাঁদপুরে একটি মিলাদে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।
এদিকে, একটি প্রতারণা মামলায় নাসের রহমানকে ছয় মাসের জামিন দিয়েছে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ।
দুদকের উপ পরিচালক আবুুল কাশেম ফকির গত ৫ অক্টোবর এ মামলায় ১৬ জনকে আসামি করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
খালেদা জিয়া ও সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধেগত ২৬ ফেব্র"য়ারি শাহবাগ থানায় মামলাটি করেছিলেন দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/
bdnews24