ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি, জাতীয় পার্টি- জাপা এবং বিকল্প ধারা বাংলাদেশ- বিডিবি মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে নিবন্ধন সনদ সংগ্রহ করেছে।
এ নিয়ে মোট চারটি রাজনৈদিক দল নিবন্ধন সনদ সংগ্রহ করেছে বলে নিবন্ধন বাছাই কমিটির সদস্য উপ সচিব জেসমিন টুলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এর আগে গত ২০ অক্টোবর লিবারেল ডেমোক্রোট পার্টি- এলডিপি'র হাতে নিবন্ধন সনদ তুলে দেওয়ার মাধ্যমে সনদ বিতরণ কার্যক্রম শুরু করে ইসি।
জেসমিন টুলী বলেন, "আওয়ামী লীগ সহ মোট ১৩টি রাজনৈতিক দলের নিবন্ধন সনদ তৈরী হয়েছে। দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করে মঙ্গলবার তা সংগ্রহ করতে বলা হয়েছে।"
তিনি আরো বলেন, নিবন্ধন সনদ দেওয়ার সময় দলের পক্ষে সংরক্ষিত প্রতীকও বরাদ্দ দেওয়া হয়েছে। সনদপ্রাপ্ত দলগুলোর প্রতীক হল- এলডিপি (ছাতা), জাপা (লাঙ্গল), বিএনপি (ধানের শীষ) এবং বিকল্প ধারা (কুলা)।
নির্বাচন কমিশন সচিব মো: হুমায়ন কবিরের কাছে থেকে নিবন্ধন সনদ সংগ্রহের পর বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান সাংবাদিকেদের বলেন, "নিবন্ধন সনদ পেয়ে আমরা খুবই আনন্দিত।"
নিবন্ধন সনদ পাওয়ার বিষয়ে বিএনপি কখনই দুঃশ্চিন্তায় ছিলনা বলেও জানান তিনি।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপি কি সিদ্ধান্ত নিয়েছে তা জানতে চাইলে তিনি এর কোন জবাব দেননি।
জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানান, "একটি গ্রহনযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলের নিবন্ধন বড় ভূমিকা রাখে। আমরা এ সনদ পাওয়ায় আনন্দিত।"
নিবন্ধন বাছাই কমিটির প্রধান ইসির যুগ্ম সচিব নুরুল ইসলাম খান বলেন, "মোট ১০৭টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। তবে এবার ২৫ টির বেশি দল নিবন্ধন পাবে না।"
এ সপ্তাহের মধ্যে নিবন্ধনযোগ্য দলগুলোর সনদ প্রদান সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আরও যেসব দলের নিবন্ধন সনদ তৈরী করা হয়েছে সেসব দল ও তাদের প্রতীক হল- বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা), জাতীয় পার্টি- জেপি (বাইসাইকেল), বাংলাদেশের সাম্যবাদী দল (চাকা), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (হাতুড়ি), কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি (কাস্তে), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (কুঁড়ে ঘর), গণতন্ত্রী পার্টি (কবুতর) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (মশাল)।
এদিকে নিবন্ধনের বিষয়ে সকাল থেকেই নির্বাচন কমিশন সচিবালয়ে চারটি রাজনৈতিক দলের শুনানি শুরু হয়েছে। দলগুলো হল- খেলাফতে মজলিস, জমিয়াতে ওলামায়ে ইসলাম, নেজামে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোট।
রোববার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেন, "নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী ছাড়া কেউ নির্বাচনে অংশ নিতে পারবেনা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/জিএনএ/১২০৮ ঘ.
bdnews24