খুলনা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রাণের ঢেউটিন আত্মসাতের মামলায় খুলনার বিএনপিদলীয় সাবেক সাংসদ আলী আসগার লবীর জামিন নামঞ্জুর করেছে আদালত।
রোববার খুলনা জেলা ও দায়রা জজ মো. শফি উদ্দিন শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আলী আসগার লবী বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
গত বছর ৭ অক্টোবর দুর্নীতির দায়ে লবীকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দুর্নীতিতে স্বামীকে সহযোগিতার জন্য লবীর স্ত্রী খুশনুদ আসগরকেও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে ৫ জুলাই আয়কর ফাঁকির অভিযোগে আলী আসগর লবীকে ৮ বছর কারাদণ্ড এবং ২৫ লাখ টাকা জরিমানা করে।
গত বছর ২১ মার্চ গুলশান থানায় দুর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক শিরিন পারভিন বাদি হয়ে লবী ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ কোটি ৬৯ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন এবং জানা আয়ের বাইরে ২৪ কোটি ৯৭ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন।
ওই বছর ১ জুলাই খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি মাদ্রাসা থেকে ত্রাণের টিন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লবীর বিরুদ্ধে টিন আত্মসাতের মামলাটি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩২ ঘ.
bdnews24