২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহারই কাম্য"

জরুরি বিধিমালা শিথিল করে নির্বাচনী মিছিল-সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় রাজনৈতিক দলগুলো মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সবাই বলেছে, তারা জরুরি অবস্থা শিথিল নয়, পুরোপুরি প্রত্যাহার চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জরুরি বিধিমালা শিথিল করে নির্বাচনী মিছিল-সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় রাজনৈতিক দলগুলো মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সবাই বলেছে, তারা জরুরি অবস্থা শিথিল নয়, পুরোপুরি প্রত্যাহার চায়। সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নির্বাচনের আগে জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার চাই। জরুরি অবস্থা শিথিল নয়, সরকার জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার করলে ভাল হতো।" সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নির্বাচন সামনে রেখে জরুরি বিধিমালা ২০০৭ এর ৫ ও ৬ ধারা বিলুপ্ত করে প্রার্থীদের প্রচারণার ওপর বিধিনিষেধ তুলে নেয়। গণপ্রতিনিধিত্ব আদেশ ও স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) অধ্যাদেশের বিধান মেনে মিছিল-সমাবেশ অনুষ্ঠান বা তাতে অংশ নেওয়াও যাবে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সব ধরনের গণমাধ্যমের ওপর আরোপিত নিয়ন্ত্রণও প্রত্যাহার হয়েছে। এ বিষয়ে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," জরুরি আইন শিথিল করা ইতিবাচক পদক্ষেপ। কিন্তু আমরা জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার চাই।" ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " এ সিদ্ধান্তের মাধ্যমে জরুরি অবস্থা থেকেই যাচ্ছে। জরুরি আইন রেখে গণতন্ত্র চর্চা সম্ভব নয়। তাই আমরা জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার চাই।" জামায়াতে ইসলামী মঙ্গলবার মজলিশের শুরার বৈঠক থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে বলে সন্ধ্যায় দলের একজন কর্মকর্তা জানান। দলটির অধিকাংশ সিনিয়র নেতা এসময় দলীয় বৈঠকে ব্যস্ত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএ/আরবি/এসকে/২১১৪ঘ.