রাজশাহী, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে এবং জরুরি অবস্থা পুরোপুরি প্রতাহারের দাবিতে মিছিল করায় রাজশাহী মহানগর জাসদের চার নেতাকে সোমবার আটক করা হয়।
তবে ভবিষ্যতে এ রকম ঘটনা ঘটবে না বলে অঙ্গীকার করায় দেড় ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় তাদের।
এ ব্যাপারে বোয়ালিয়া এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহকারী কমিশনার (এসি) হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগকে র্যালি করার অনুমতি দেওয়া হয়েছিল। জাসদকে কোন প্রকার মিছিল-সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। কিন্ত জাসদ নেতাকর্মীরা জরুরি অবস্থা ভঙ্গ করে নগরীতে মিছিল করায় কয়েকজন নেতাকে আটক করা হয়েছিল।
তিনি জানান, জাসদ দুপুর ১২টার দিকে নগরীতে মিছিল বের করে। মিছিলটি মালোপাড়া সমবায় মার্কেটের সামনে আসার পর পুলিশ বাধা দেয়। এ সময় মহানগর জাসদের সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ শিবলীসহ চার নেতাকে আটক করে মহানগর পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এসি হুমায়ুন কবির জানান, ভবিষ্যতে এ রকম ঘটনা ঘটবে না বলে জাসদ নেতা শিবলী পুলিশ কমিশনারের কাছে অঙ্গীকার করলে প্রায় দেড় ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৬ ঘ.
bdnews24