ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণাকে সর্বসম্মতভাবে স্বাগত জানালেও উপজেলা নির্বাচন 'যৌক্তিক সময় পর্যন্ত' পিছিয়ে আবার এ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী।
সোমবার সকালে সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, "নির্বাচনের আগে অবশ্যই জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে। এ অবস্থায় নির্বাচন হলে 'সংসদ নির্বাচনের' ওপর কালিমা লেপন করা হবে।"
উপজেলা নির্বাচন যৌক্তিক সময়ে পিছিয়ে দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, "একই সময়ে দুটি নির্বাচনের প্রক্রিয়া চলতে থাকলে দুই নির্বাচনই বাধাগ্রস্তহওয়ার আশঙ্কা রয়েছে।"
এক প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, "বিএনপির নির্বাচনে যাবে না- এমন কোনো আলামত দেখছি না।"
বিএনপি 'সঠিক সিদ্ধান্ত নিয়ে' নির্বাচনে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আশরাফুল জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ৫ থেকে ৭ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩০০ সংসদীয় আসনের মনোনয়ন ফরম বিক্রি এবং জমা নেওয়া হবে। ফরম কিনতে লাগবে সাত হাজার টাকা।
শেখ হাসিনার দেশে ফেরার দিন তাকে স্বাগত জানানো এবং নির্বাচন প্রক্রিয়ার কিছু বিষয় চূড়ান্ত করতে মঙ্গলবার সকাল ১০টায় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক হবে। পরে একই কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ, সব সহযোগী সংগঠন এবং ঢাকার আশেপাশের জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে বর্ধিত সভা হবে বলে জানান তিনি।
আগামী ৬ নভেম্বর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।
ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে তার গুলশানের বাসায় সকাল ১০টা থেকে বেলা পৌণে ১১টা পর্যন্ত সভাপতিমণ্ডলির বৈঠকে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, মহিউদ্দিন খান আলমগীর ও শেখ ফজলুল করিম সেলিম বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৭০০ ঘ.
bdnews24