ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার জেলহত্যা দিবস পালন করছে আওয়ামী লীগ।
দলটি এবং নিহত নেতাদের পরিবার জেল হত্যাকাণ্ডের 'নিরপেক্ষ' বিচারও দাবি করেছে।
ভোরে বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর নেতৃত্বে আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সকালে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় সৈয়দ আশরাফ জেল হত্যার 'নিরপেক্ষ' বিচার দাবি করে বলেন, "আমরা এতদিনেও বিচার পাইনি। শুধু আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্যই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়নি। তারা বাংলাদেশকেও ধ্বংস করতে চেয়েছিল।"
তিনি বলেন, "স্বাধীনতার পক্ষের শক্তিরা এখন ঐক্যবদ্ধ হয়েছে। সবাই মিলে এখন অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এফএফ/জিএনএ/১১০০ ঘ.
bdnews24