ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত করতে নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি সভানেত্রী খালেদা জিয়া।
খালেদা জিয়ার ভাই ফেনী-১ আসনের সাবেক সাংসদ সাঈদ এস্কান্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাডাম মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত করতে নেতাদের নির্দেশ দিয়েছেন।"
রোববার সন্ধ্যায় সাঈদ এস্কান্দরের নেতৃত্বে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এই নির্দেশ দেন।
এ সময় দলের সহ-সভাপতি এম কে আনোয়ার ছাড়াও ফেনী বিএনপি'র হাবিবুর রহমান নান্টু, ইকবাল চৌধুরি, শাহজাহান মজুমদার, নুর আহমেদ মজুমদার, আবু তালেবসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি আ হ ম কায়সুল আলম এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামালের নেতৃত্বে একদল আইনজীবী ও জেলা বিএনপি নেতারা রোববার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এসকে/২২০৬ঘ.
bdnews24