চাঁদপুর, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ'র বিরুদ্ধে রোববার বিকেলে আরেকটি মামলা হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর থানায় করা এ মামলায় হান্নান শাহ ছাড়া আরও ১১জনকে আসামি করা হয়েছে।
এদের মধ্যে আছেন- বাংলাদেশে স্পেনের অনারারি কনস্যুলার ড. জালাল উদ্দিন, মা আমেনা ফাউন্ডেশনের উপদেষ্টা আলী আজম খান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অধ্যক্ষ আলী আজগর খান, কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন নসু।
এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলের সাবেক ও বর্তমান সাত নেতাকেও আসামি করা হয়েছে।
এর আগে গত ৭ ফেব্র"য়ারি নারায়ণগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর কারা ফটকের সামনে থেকেই হান্নান শাহকে জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হান্নান শাহ, মা আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জালাল উদ্দিনসহ আরও ১২জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
তাদের বিরুদ্ধে জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার মা আমেনা ফাউন্ডেশন নামের একটি সংগঠনের উদ্যোগে মতলব উত্তর উপজেলার লুধুয়া উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে বিনামূল্যে বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানকে রাজনৈতিক সমাবেশে পরিণত করার কারণে তাদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী উপ-পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হান্নান শাহ।
উপ-পরিদর্শক ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনুষ্ঠানে হান্নানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা রাজনৈতিক বক্তব্য রাখেন। এতে জরুরি বিধিমালার লঙ্ঘন হয়।
হান্নান শাহকে গত বছরের ৭ নভেম্বর রাতেও গ্রেপ্তার করা হয়। সেইদিন সকালে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে দলীয় কর্মসূচি পালন শেষে দলের দেলোয়ারপন্থী কর্মীদের হাতে সাবেক সেনা প্রধান লে. জেনারেল মাহবুবুর রহমান নাজেহাল হওয়ায় ঘটনায় জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে বিশেষ ক্ষমতা আইনেও আটাকাদেশ দেওয়া হয়। গত ৩০ জানুয়ারি উচ্চতর আদালত আটকাদেশ অবৈধ ঘোষণা করে তাকে জামিন দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৭ ঘ.
bdnews24