নাটোর, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিনের পরিবর্তে এক দিনেই সারা দেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
রোববার সন্ধ্যায় কমিশন কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "উপজেলা নির্বাচন সারা দেশে একযোগে এক দিনেই অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের পরে ডিসেম্বর মাসেই এটি হবে।"
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শাসসুল হুদা জাতীয় সংসদ নির্বাচানের তফসিল ঘোষণা করবেন।
এর আগে ২০ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছিলেন, আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ এবং ২৪ ও ২৮ ডিসেম্বর দুই পর্যায়ে উপজেলা নির্বাচন হবে।
সর্বশেষ ১৯৯০ সালের ২৪ ও ২৫ মার্চ দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম উপজেলা নির্বাচন হয় ১৯৮৫ সালের ১৬ থেকে ২০ মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/জেকে/এসকে/১৮৫২ঘ.
bdnews24