ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ।
রোববার আদালতের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, " আমরা (আওয়ামী লীগ) আনন্দিত। আমরা দ্রুত নির্বাচনের তফসিল চাই।"
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কয়েকটি শিক্ষক সংগঠনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, "নির্বাচন যে ১৮ ডিসেম্বরই হবে তা এই রায়ের মাধ্যমে আরও একবার নিশ্চিত হলো। আমরা আশা করছি, এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করা হলেও তা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হবে।"
সকালে জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট নাকচ করে হাইকোর্ট। ফলে নতুন সীমানায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় আর বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "আমরা আশা করি, নির্বাচন কমিশন (ইসি) অন্য কথাবার্তা কমিয়ে দিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেবে।"
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করলেও নির্বাচন নিয়ে কিছুটা সংশয়ী সৈয়দ আশরাফ বলেন, "নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচন না হলে দেশে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে। তাই নির্বাচনে বিকল্প নেই।"
"১৮ ডিসেম্বর নির্বাচন হতেই হতে। এ জন্য তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনকে যা যা করার দরকার তা করতে হবে।"
সব দলই নির্বাচনে অংশ নেবে- এ আশা প্রকাশ করে সৈয়দ আশরাফ বলেন, "আমরা চাই, সব রাজনৈতিক দলই নির্বাচনে অংশ নিক। অনেকের মধ্যেই সাময়িক দ্বিধা-দ্বন্দ্ব থাকতে পারে, তবে তা সাময়িক। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় তারা নির্বাচনের সিদ্ধান্তই নেবে।"
বিএনপির নির্বাচনে না যাওয়ার কোনও সম্ভাবনা দেখছেন কিনা- প্রশ্ন করা হলে তিনি বলেন, "বিএনপি নির্বাচনে যাবে না- এরকম কোনও আশঙ্কা দেখছি না।"
বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন সৈয়দ আশরাফ। যদিও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমান কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সিইসিসহ কমিশনের সদস্যদের পদত্যাগ দাবি করেছেন।
সৈয়দ আশরাফ বলেন, "নির্বাচন কমিশন কোনও দলকে জেতাতে কাজ করতে পারে, এমন কোনও আলামত আমরা দেখছি না।"
তবে সৈয়দ আশরাফ বলেন, "ভোটার তালিকা সেনাবাহিনী করেছে বলে সময়মতো হয়েছে। নির্বাচন কমিশন তো রোডম্যাপ অনুযায়ী কোনও কিছুই করতে পারেনি।"
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি এবং বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
শিক্ষক নেতারা তাদের দাবি-দাওয়া আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির আহ্বান জানায়।
এ প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, "বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে যা বলা হয়েছে, আমরা প্রতিটি সংলাপেই তার প্রতিবাদ জানিয়েছি। শিক্ষকরা প্রার্থী হতে না পারলে যোগ্য প্রার্থী কোথায় থেকে আসবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪২১ ঘ.
bdnews24