ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা ১০ নভেম্বর দেশে ফিরবেন।
তার প্রেসসচিব আবুল কালাম আজাদ শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "শেখ হাসিনা আগামী ১০ নভেম্বর সকালে এমিরাটসের একটি বিমানে করে দেশে ফিরবেন।"
যুক্তরাষ্ট্রে পাঁচ মাস অবস্থান শেষে দেশে ফিরছেন আওয়ামী লীগ সভানেত্রী। চিকিৎসার জন্য সরকারের আদেশে সাময়িক মুক্তি নিয়ে চলতি বছরের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রে যান তিনি।
অন্য সব মামলায় জামিন থাকলেও নূর আলীর মামলায় গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জামিনের আবেদন নাকচ করায় দেশে ফিরলে সাবেক এ প্রধানমন্ত্রীকে ফের কারাগারে যেতে হবে কিনা- তা নিয়ে উদ্বেগ রয়েছে আওয়ামী লীগ নেতাদের।
হাসিনার সাময়িক মুক্তির মেয়াদ ৬ নভেম্বর শেষ হচ্ছে। তবে সরকার এ মেয়াদ বাড়ালে দেশে ফেরার পরও তাকে কারাগারে যেতে হবে না বলে আইনজীবীরা জানিয়েছেন।
হাসিনা শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচারের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এর আগেও বাউচারের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।
১১ মাস কারাবন্দি থাকার পর গত ১১ জুন চিকিৎসার জন্য শেখ হাসিনাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। মুক্তির পরদিনই তিনি যুক্তরাষ্ট্র যান। শেখ হাসিনাকে গত বছরের ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়।
আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত আছে। আওয়ামী লীগ নির্বাচনের আগেই শেখ হাসিনার স্থায়ী মুক্তি দাবি করে আসছে। দলটি বলছে, দলীয় প্রধানকে ছাড়া তারা নির্বাচনে যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১০৫৯ ঘ.
bdnews24