ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণের সময় বাড়ানোর জন্য হাইকোর্টে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
বৃহস্পতিবার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও আফজাল হোসেন আহমেদের বেঞ্চে তিনি এ আবেদন করেন। আগামী রোববার এ আবেদনের ওপর শুনানি হবে।
এ মামলাটি বাতিলের জন্য বিএনপি দলীয় সাবেক মন্ত্রী এম. সাইফুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা আবেদনের ওপরও রোববার একই বেঞ্চে শুনানি হবে।
হাইকোর্ট গত ১৯ অক্টোবর মুজাহিদের জামিন আবেদন নাকচ করে তাকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল।
দুর্নীতি দমন কমিশন গত ২৬ ফেব্র"য়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় এ মামলা দায়ের করে। গত ৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা।
এতে বলা হয়, আসামিরা চীনা প্রতিষ্ঠান 'কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন' (সিএমসি) এর সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গত ৬ অক্টোবর আদালত আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ মামলার নয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়।
গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মুজাহিদ প্রকাশ্যে ঘোরাফেরা এমনকি প্রধান উপদেষ্টার সঙ্গে দলীয় সংলাপে অংশ নিলেও পুলিশ তাকে পাওয়া যায়নি বলে আদালতে জানায়। এ নিয়ে সমালোচনা ও তার জামিনের প্রয়োজন থাকা না থাকা নিয়ে বিতর্কের এক পর্যায়ে তিনি হাইকোর্টে হাজিরা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এসকে/২০৫৯ঘ.
bdnews24