২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার জামিন না হওয়ার প্রভাব নির্বাচনে পড়বে না: হোসেন জিল্লুর

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জামিন না হওয়া নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মনে করেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 10:23 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জামিন না হওয়া নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মনে করেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। ব্যবসায়ী নূর আলীর করা চাঁদাবাজির মামলায় জামিন চেয়ে শেখ হাসিনার করা আবেদন বৃহস্পতিবার নাকচ করেছে সুপ্রিম কোর্ট। আইনজীবীরা বলছেন, সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো না হলে হাসিনাকে ফের কারাগারে যেতে হবে। নভেম্বরের শুরুতেই আওয়ামী লীগ সভানেত্রীর দেশে ফেরার কথা। আওয়ামী লীগ হাসিনার স্থায়ী মুক্তি দাবি করে আগে থেকে হুমকি দিয়ে আসছে, শেখ হাসিনাকে ছাড়া তারা নির্বাচনে যাবে না। হাসিনার জামিন নাকচ নির্বাচন ব্যাহত করতে পারে কিনা- সচিবালয়ে সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে হোসেন জিল্লুর বলেন, "শেখ হাসিনাকে জামিন না দেওয়ার বিষয়টি আদালতের। তবে নির্বাচনের ক্ষেত্রে এটি তেমন কোনও সংশয় তৈরি করবে না।" এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "এরকম ছোটখাট সংশয় প্রতিদিনই আসবে। এসব মোকাবেলা করেই আমাদের নির্বাচনের দিকে এগুতে হবে। আমরা আশা করব, হাসিনার আইনজীবীরা আরও দক্ষতার সঙ্গে তার জামিনের বিষয়টি আদালতকে বোঝানোর চেষ্টা করবেন।" যোগাযোগ মন্ত্রণালয়ে সংলাপের দায়িত্বপ্রাপ্ত চার উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা হয় হোসেন জিল্লুরের। বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের এবং স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। বৈঠকের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "আগামী ১৮ ডিসেম্বর জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা বেশ কয়েকটি মাইলফলক অতিক্রম করেছি। আরও কয়েকটি মাইলফলকের উত্তরণ ঘটাতে হবে। এক্ষেত্রে নির্বাচনের আগেই নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি নিষ্পত্তি করতে হবে।" নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে তিনি আরও বলেন, "নির্বাচনের তফসিল ঘোষণায় যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য সীমানা পুনর্নির্ধারণ ও তফসিল ঘোষণার বিষয়টিকে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। নিয়মিত বৈঠক করে আমরা বিষয়টি পর্যবেক্ষণ করব। যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন ব্যাহত না হয়।" পুনর্নির্ধারিত আসন সীমানায় আপত্তি জানিয়ে এক বিএনপি নেতার দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি বর্তমানে হাইকোর্টে চলছে। হাইকোর্ট এর আগে সীমানা পুনর্নির্ধারণের গেজেটের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে। হাইকোর্টের ওই আদেশ খারিজ চেয়ে বৃহস্পতিবার আপিল বিভাগে আবেদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এর শুনানি হবে। নির্বাচনের ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, ২ নভেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ১৮ পিসেম্বর সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত আছে। তাই এত অল্প সময়ে সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি নিষ্পত্তি করে তফসিল ঘোষণা করা সম্ভব কিনা জানতে চাইলে হোসেন জিল্লুর বলেন, "১৮ ডিসেম্বর নির্বাচন করতে যা যা করা প্রয়োজন, তার সবই করা হবে। এক্ষেত্রে পেছনের দিকের বিষয়গুলোর হিসাব-নিকাশ করেই আমরা কাজ করে যাচ্ছি।" সমস্যার দ্রুত সমাধানে সরকার কাজ করে যাবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৬১৬ ঘ.