২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমানা পুনর্নির্ধারণ স্থগিতের আদেশ খারিজে ইসির আবেদন

জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের গেজেটের কার্যকারিতা স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ খারিজ চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 09:58 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের গেজেটের কার্যকারিতা স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ খারিজ চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এর শুনানি হবে। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এমএ মতিনের আদালতে ইসি সংসদের সীমানা পুনর্নির্ধারণের গেজেটের কার্যকারিতা স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ খারিজ চেয়ে আবেদন করে। বিচারপতি এমএ মতিন ওই আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে আগামী রোববার শুনানির তারিখ নির্ধারণ করেন। গত ৭ আগস্ট সীমানা পুনর্নির্ধারণের গেজেটের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। সাবেক বিমান প্রতিমন্ত্রী ও ঢাকা-২ (নবাবগঞ্জ) আসনে বিএনপির সাবেক সাংসদ আবদুল মান্নানের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্থহিতাদেশ দেয়। ওই রিটের চূড়ান্ত শুনানি চলছে। বিচারপতি মীর হাসমত আলী ও শামীম হাসনাইনের বেঞ্চে বৃহস্পতিবার এর সপ্তম দিনের শুনানি চলে। গত ১০ জুলাই জাতীয় সংসদের ১৩৩টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে আসন সীমানার নতুন গেজেট জারি করা হয়। আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমআই/১৫৫১ ঘ.