ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই নেত্রীর অংশ গ্রহণ ছাড়া নির্বাচন বর্জনে প্রধান দুই দলের হুমকির মধ্যেও নির্বাচন নিয়ে সব সংশয় উড়িয়ে দিয়েছেন দুই উপদেষ্টা গোলাম কাদের ও হোসেন জিল্লুর রহমান।
তারা দুজনই বৃহস্পতিবার বলেছেন, ঘোষিত সময়েই নির্বাচন হবে।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সংস্থা আঙ্কটাডের মহাসচিব ড. সুপাচাই পানিচপাকদির সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "আগামী ১৮ ডিসেম্বর নির্বাচন হবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশের সময় সরকার অনেক আগেই অতিক্রম করেছে।"
যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "সংসদীয় আসন সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার ফলাফল যা-ই হোক না কেন, আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হবেই। এ নিয়ে কোনও সংশয় নেই।"
হোসেন জিল্লুর বলেন, "সরকার নির্বাচনের জন্য আস্থার পরিবেশ তৈরি করছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোও জনগণের মধ্যে নির্বাচনের জন্য আস্থার পরিবেশ তৈরি করছে কিনা, তা গুরুত্বপূর্ণ। নির্বাচনের পর স্থিতিশীল অবস্থা বজায় রাখাটা রাজনীতিবিদদেরই নিশ্চিত করতে হবে।"
নির্বাচন পেছানোর কোনও সম্ভাবনা আছে কিনা- সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি পাল্টা বলেন, "নির্বাচন পিছিয়ে যাওয়ার প্রশ্ন কেন আসবে?"
সরকার সুষ্ঠু, সফল এবং সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে চায় বলে হোসেন জিল্লুর জানান।
১৮ ডিসেম্বর নির্বাচনের ঘোষণা থাকলেও সংসদের আসন সীমানা নির্ধারণে যে জটিলতা সৃষ্টি হয়েছ তাতে নির্বাচন ব্যাহত হবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নে গোলাম কাদের বলেন, "নির্বাচন নিয়ে আর কোনও সংশয় নেই। ঘোষিত সময় অনুযায়ী অবশ্যই নির্বাচন হবে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের আশা করছি; যে নির্বাচন কোনভাবেই প্রশ্নবিদ্ধ হবে না।"
নির্বাচনে ঋণ খেলাপি ও দণ্ডিত ব্যক্তিদের অযোগ্য ঘোষণার সিদ্ধান্তের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হলে যোগাযোগ উপদেষ্টা বলেন, "সরকার এ ক্ষেত্রে এতোটুকুও পিছিয়ে আসেনি। তারপরও যদি কোনও কারণে কোনও ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়, সে ক্ষেত্রে সুশীল সমাজকেই ব্যবস্থা নিতে হবে। এজন্য জনগণকে সচেতন করতে হবে।"
রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তোলা জরুরি অবস্থা প্রত্যাহারের দাবির বিষয়ে গোলাম কাদের বলেন, "আমাদের পক্ষ থেকে যখনই মনে হবে জরুরি অবস্থা তুলের নেওয়ার সময় হয়েছে, তখনই ব্যবস্থা নেওয়া হবে।"
প্রয়োজনের অতিরিক্ত সময় জরুরি অবস্থা রাখা হবে না বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এমকে/কিউএইচ/এফএফ/এএল/এমআই/১৫০৬ ঘ.
bdnews24