ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুটি মামলা বাতিলে শেখ হাসিনার আবেদনের চূড়ান্ত শুনানি পিছিয়েছে। মামলা দুটি হচ্ছে, ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলা ও নাইকো দুর্নীতি মামলা।
হাসিনার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতেই বুধবার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইসউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানি পিছিয়ে দেয়। আদালত আগামী ২৩ নভেম্বর শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছে।
শুনানির নির্ধারিত দিন বুধবার আওয়ামী লীগ সভানেত্রীর কৌঁসুলী ব্যারিস্টার শফিক আহমেদ তার ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে শুনানি পেছানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ এদিন আদালতে উপস্থিত ছিলেন ।
আদালতের আদেশের পর শেখ হাসিনার অপর কৌঁসুলী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যারিস্টার শফিক আহমেদ ব্যক্তিগত অসুবিধার কারণে শুনানি মুলতবির আবেদন জানালে আদালত ২৩ নভেম্বর পর্যন্ত শুনানি পিছিয়ে দিয়েছেন।"
নিম্ন আদালতে হাসিনার বিরুদ্ধে মামলা দুটির কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ গত ১৩ আগস্ট বহাল রাখে আপিল বিভাগ। হাইকোর্ট গত ৭ জুলাই মামলা দুটির কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করে।
ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলাটি দায়ের করা হয় ২০০৭ সালের ২ সেপ্টেম্বর, তেজগাঁও থানায়। এতে শেখ হাসিনাসহ সাত জনকে আসামি করা হয়েছে।
এ মামলার অভিযোগ, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুত প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দিয়েছেন আসামিরা।
নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করা হয় গত বছরের ৯ ডিসেম্বর, এটিও তেজগাঁও থানায়। এ মামলার আসামি শেখ হাসিনাসহ নয় জন।
এতে অভিযোগ করা হয়েছে, ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্র নাইকোকে অবৈধ প্রক্রিয়ায় ইজারা দেওয়ায় মাধ্যমে আসামিরা রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকা ক্ষতি করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ জুন সরকারের আদেশে সাময়িক মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। নভেম্বরের শুরুতে তিনি দেশে ফিরবেন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৩১২ ঘ.
bdnews24