ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি অব্যাহত রয়েছে। ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মাসদার হোসেন আগামি ২৯ অক্টোবর রাষ্ট্র পক্ষের শুনানির জন্য নতুন দিন রেখেছেন।
২৯ অক্টোবর রাষ্ট্রপক্ষকে এ মামলার অন্যতম আসামি সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর বিরুদ্ধে অভিযোগ গঠন করার মত যেসব উপাদান রয়েছে তা আদালতে উপস্থাপন করতে নির্দেশ দেন বিচারক।
সোমবার শুনানিতে পিন্টুর পক্ষে আইনজীবী এস এম সাজাহান উচ্চ আদালতের কয়েকটি সিদ্ধান্ত বিচারকের কাছে উপস্থাপন করে এ মামলা থেকে পিন্টুর অব্যাহতি চান।
আইনজীবী বলেন," উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী একজন আসামির স্বীকারোক্তিমুলক জবানবন্দীর ওপর ভিত্তি করে অন্য কাউকে আসামি করা যায় না। ঐ মামলায় শুধুমাত্র মুফতি আব্দুল হান্নানের স্বীকারোক্তির ওপর ভিত্তি করে পিন্টুকে আসামি করা হয়েছে। হান্নানের স্বীকারোক্তির সমর্থনে তদন্ত কর্মকর্তা আর কোন পর্যাপ্ত তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি।"
এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান এবং এম সাজাওয়ার হোসেন। তারা বলেন, "এ মামলায় পিন্টুর বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো যথেষ্ট কারণ ও উপাত্ত বিদ্যমান। তার উপস্থিতিতে তার ধানমন্ডির বাসাসহ ৬টি জায়গায় বসে ওই হামলা ও হত্যার পরিকল্পনা করা হয়।"
সোমবার কারাগার থেকে আব্দুস সালাম পিন্টু, মুফতি হান্নানসহ ১৩ আসামীকে আদালতে আনা হয়। জামিন প্রাপ্ত ১ অভিযুক্তও হাজিরা দেন। মামলার অপর ৮ আসামি পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০৫০ঘ.
bdnews24