২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনি মামলা: ৫ সাবেক মন্ত্রীর আবেদন শুনতে হাইকোর্ট বেঞ্চের অপারগতা

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলের জন্য সাবেক চার দলীয় জোট সরকারের পাঁচ মন্ত্রী এম. সাইফুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদনের ওপর শুনানি গ্রহণে অপারগতা জানিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 02:30 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলের জন্য সাবেক চার দলীয় জোট সরকারের পাঁচ মন্ত্রী এম. সাইফুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদনের ওপর শুনানি গ্রহণে অপারগতা জানিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও আফজাল হোসেন আহমেদের বেঞ্চ সোমবার এ ব্যাপারে অপারগতা প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। আসামিদের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলাটি বাতিলের আবেদনের ওপর শুনানি গ্রহণে হাইকোর্ট অস্বীকৃতি জানিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছে বেঞ্চ। প্রধান বিচারপতি যে বেঞ্চে নথি পাঠাবেন সেখানেই শুনানি হবে।" কোনো বেঞ্চ এ আবেদন শুনতে রাজি হলে সাইফুর রহমানের পক্ষে হাবিবুল ইসলাম ভূঁইয়া, খন্দকার মোশাররফ ও আলতাফ হোসেনের পক্ষে রফিক উল হক এবং নিজামী ও মুজাহিদের পক্ষে আবদুর রাজ্জাক শুনানিতে অংশ নেবেন। এর আগে গত রোববার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ এই পাঁচ আসামির আবেদন শুনতে বিব্রতবোধ করেন। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও ফরিদ আহমেদের বেঞ্চ গত ১৬ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. সামছুল আলম গত ২৬ ফেব্র"য়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রীসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। গত ৫ অক্টোবর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/২০১৯ঘ.