২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই: খালেদা

আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তিনি কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা দলের স্থায়ী কমিটি ঠিক করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 01:38 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তিনি কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা দলের স্থায়ী কমিটি ঠিক করবে। তাকে ছাড়া ৪ দলীয় জোট নির্বাচনে অংশ নেবে না বলেও জানিয়েছেন তিনি। গুলশানে সোমবার সন্ধ্যায় দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "বিএনপি নির্বাচনমুখী একটি বড় দল। নির্বাচন-আন্দোলন সবকিছুর জন্য বিএনপি প্রস্তুত আছে। নির্বাচনে তফসিল ঘোষণার পর দলের স্থায়ী কমিটি এবং ৪ দলীয় জোটের সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে খালেদা জিয়া বলেন, "আমি ব্যারিস্টার রফিক উল হকের (খালেদার আইনজীবী) সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, নির্বাচনে অংশ নেওয়ায় আইনি কোনো বাধা নেই। তবে কয়টি আসনে দাঁড়াব তা এখনও ঠিক হয়নি। দলের স্থায়ী কমিটির সঙ্গে বসে সেটি ঠিক করা হবে।" তাকে ছাড়া ৪ দলীয় জোটের নির্বাচনে না যাওয়ার বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছে- জানান তিনি। কারামুক্তির পর এই প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন খালেদা জিয়া। কবে ভোটার হচ্ছেন- এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসন বলেন, "আমি এ দেশের নাগরিক, কেন ভোটার হব না- ভোটার হয়ে যাব। " কারাবন্দী থাকাকালে ভোটার হবেন না এ কথা বলে নির্ধারিত সময়ের মধ্যে ভোটার হননি খালেদা জিয়া। দলীয় ইশতেহার প্রণয়ন প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, "বিএনপির নির্বাচনী ইশতেহার তৈরি হচ্ছে। জনগণের কথা বিবেচনা করে একটি যুগোপযোগী ও সবার কাছে গ্রহণযোগ্য ইশতেহার আমরা যথাসময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব।" মতবিনিময়ের শুরুতে প্রায় ১৫ মিনিট খালেদা জিয়া সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তার নিরাপত্তা বিষয়ক সমন্বয়কারী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফুল হক, সাবেক আইজিপি এম এ কাইয়ুম, তথ্য সেলের কর্মকর্তা মারুফ কামাল খান সোহেল, মহিউদ্দীন খান মোহন, বিএনপির সাবেক সাংসদ শিরীন সুলতানা, আইনজীবী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এসএনডি/১৯৩২ঘ.