ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী যুবদলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সংগঠনের নেতাকর্মীরা।
সকালে দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসভাপতি মহিবুল ইসলাম স্বপন, এলবার্ট ডি কস্টা, সাংগঠনিক সম্পাদক খায়রুল কবীর খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী, সাইফুল ইসলাম নিরব, রুহুল আমিন আকিল, ফজলুর রহমান, আকন্দ কুদ্দুসুর রহমান, হাজী আহমেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে মঙ্গলবার নয়া পল্টনে ভাসানী মিলনায়তনে আলোচনা সভারও কর্মসূচি রয়েছে।
রোববার সন্ধ্যায় নয়া পল্টনে সংগঠনের কার্যালয়ে কেক কেটে ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/১৬০০ ঘ.
bdnews24