২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের প্রশ্রয়ে মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে- চট্টগ্রামে মতিয়া

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আশ্রয়-প্রশ্রয়ে দেশে মৌলবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আশ্রয়-প্রশ্রয়ে দেশে মৌলবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। রোববার সন্ধ্যায় চট্টগ্রামের মুসলিম হলে উত্তর জেলা আওয়ামী লীগের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মতিয়া বলেন, "সরকারের মুখপাত্র বলে পরিচিত বাণিজ্য উপদেষ্টা বারবার রাজনীতিবিদদের গুণগত পরিবর্তনের কথা বলছেন। কিন্তু তারাই সংলাপে একটি মামলায় অভিযুক্ত পলাতক আসামি মুজাহিদের সঙ্গে বৈঠক করে নিজেদের গুণগত পরিবর্তনের নমুনা দিয়েছেন। রাজনীতিবিদদের গুণগত পরিবর্তনের হেদায়েত না দিয়ে এখন তাদের নিজেদের পরিবর্তন সাধন প্রয়োজন।" সরকার সংসদ ও উপজেলা নির্বাচন একসঙ্গে করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে- এ অভিযোগ করে তিনি বলেন, "তারা নির্বাচন না ধাপ্পাবাজি করতে চাইছে তা পরিষ্কার নয়।" শেখ হাসিনার স্থায়ী মুক্তিসহ কিছু বিষয় এখনো সুরাহা না হওয়ায় যৌক্তিক সময় পর্যন্ত উপজেলা নির্বাচন পেছানোর দাবি জানান এই আওয়ামী লীগ নেত্রী। মতিয়া চৌধুরী বলেন, "সরকার নির্বাচনী মহাসড়কে গাড়ি উঠে গেলে বলে দাবি করলেও এই মহাসড়ক অসংখ্য খানা- খন্দে ভরে আছে। বর্তমানে গণতন্ত্র, বাক ও ব্যক্তি স্বাধীনতা নেই। আমরা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দিন যাপন করছি। জরুরি অবস্থা প্রত্যাহার এবং শেখ হাসিনার স্থায়ী মুক্তি ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে যাবে না।" উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক মন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফরিদন্নাহার লায়লী, সাবেক সাংসদ ফজলে করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/জেকে/জিএনএ/২২১০ ঘ.