ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতীয় সংসদের সীমানা পুননির্ধারণের বৈধতা নিয়ে করা রিটের শুনানি হাইকোর্টে মতো অব্যাহত রয়েছে।
রোববার বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ তৃতীয় দিনের মতো এই শুনানি গ্রহণ করেন। সোমবারও শুনানি চলবে।
শুনানিতে রিটকারী আবদুল মান্নানের পক্ষে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, "এই রিটকে নির্বাচন পেছানোর রিট বলে মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল গত ২৩ অক্টোবর বক্তব্য দিয়েছেন। এই ধরণের রাজনৈতিক বক্তব্য দেওয়ার এখতিয়ার অ্যাটর্নি জেনারেলের নেই।"
তিনি শুনানিতে আরও বলেন, "নবম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল ২০০৭ সালের ২২ জানুয়ারি। স্থগিত হওয়া ওই নির্বাচন হবে আগামী ১৮ ডিসেম্বর। ২২ জানুয়ারির নির্বাচন যে সীমানায় হওয়ার কথা ছিল এই নির্বাচনও সেই সীমানার ভিত্তিতে হবে।"
ব্যারিস্টার রফিকুল বলেন, "সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের বিধান রয়েছে। ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বের সরকার দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু সংবিধানে দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকারের কোন অস্তিত্ত্ব নেই।"
গত ২৩ অক্টোবর সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ শুনানিতে বলেছিলেন, সরকার ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে প্রতিশ্র"তিবদ্ধ। দেশ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে। ট্রেন চলছে। এই ট্রেনকে লাইনচ্যুত করার জন্য এ রিট আবেদন দায়ের করা হয়েছে।
গত ৬ আগস্ট সাবেক বিমান প্রতিমন্ত্রী ও ঢাকা-২ নবাবগঞ্জ আসনের বিএনপির সাবেক সাংসদ আবদুল মান্নান সীমানা পুননির্ধারণের বৈধতা নিয়ে রিট দায়ের করেছিলেন।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট জাতীয় সংসদের সীমানা পুননির্ধারণের গেজেটের কার্যতারিতা তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।
পাশাপাশি হাইকোর্ট সীমানা পুননির্ধারণের গেজেট কেন সংবিধান পরিপন্থি ও বাতিল ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি রুলনিশি জারি করেছিল।
একই বিষয় নিয়ে আদালত এ বিষয় নিয়ে এ বি এম নুরুল ইসলাম ও আরিফুর রহমানও রিট দায়ের করেছিলেন। সবগুলো রিট একসঙ্গে শুনানির জন্য আদালত নির্ধারণ করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/২১৪০ ঘ.
bdnews24