ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধাপরাধ তদন্তে গঠিত 'ওয়ার ক্রাইম্স ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি'।
জামায়াতের নিবন্ধনের বিষয়ে নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তি জারি করে দলটির বিরুদ্ধে কারো আপত্তি আছে কিনা জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ডা. এম এ হাসান।
তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামায়াতকে নিবন্ধনের বিরুদ্ধে সুনির্দিষ্ট লিখিত আপত্তি সোমবার ইসি সচিবকে দেওয়া হবে।"
ডা. এমএ হাসান বলেন, "কয়েকটি বর্ণ পাল্টে নতুন নাম নিয়ে দলটি সংবিধান মেনে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জামায়াতের একজন সদস্যও সংবিধানের প্রতি আনুগত্য স্বীকার করেননি। স্বাধীনতা বিরোধিতার জন্যে ভুল স্বীকার করেননি, ক্ষমাও চাননি। এখনো জামায়াতের দৃশ্যপটে আলবদরের প্রধান মতিউর রহমান নিজামীসহ অনেকে রয়েছেন।"
নাম পরিবর্তন করলেও জামায়াত বিদেশ থেকে আসা অর্থ দ্বারা এখনো পরিচালিত হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, "স্বাধীনতাবিরোধী ভূমিকা ছাড়াও দলটির শীর্ষ নেতৃত্বে এখনো স্বীকৃত যুদ্ধাপরাধীদের উপস্থিতি রয়েছে। সেক্ষেত্রে বিদেশি অর্থায়নে পুষ্ঠ, স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী ব্যক্তিরাই দলটির পক্ষে নির্বাচনে অংশ নেবে। এ অবস্থায় ইসি কীভাবে দলটির নিবন্ধন দিতে পারে- তা আমাদের প্রশ্ন।"
জামায়াতকে নিবন্ধন দেওয়ার বিষয়ে রোববার সংবাদপত্রে গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। এ বিষয়ে কারো আপত্তি থাকলে সোমবারের মধ্যে ইসি সচিবকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
এদিকে, এরআগে আরো ১১টি দলের বিষয়ে ইসি গণবিজ্ঞপ্তি জারি করলেও রোববার পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো আপত্তি আসেনি বলে জানিয়েছেন ইসির নিবন্ধন আবেদন যাচাই-বাছাই কমিটির প্রধান নুরুল ইসলাম খান।
দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নিবন্ধন পেতে কোনো বাধা নেই বলেও জানিয়েছেন তিনি।
নুরুল ইসলাম খান বলেন, "ছাত্রদল ও শ্রমিকদলকে সহযোগী সংগঠন হিসাবে উল্লেখ না করে তারা স্ব স্ব গঠনতন্ত্র দ্বারা পরিচালিত হবে- রোববার দলীয় গঠনতন্ত্রে এমন সংশোধনী এনেছে বিএনপি। এর মধ্য দিয়ে দলটির নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে সব জটিলতা দূর হয়েছে।"
এর আগে আওয়ামী লীগও একই ধরনের সংশোধনী এনেছে- জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ ১২টি দলের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এছাড়া, নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত হওয়া অন্য দলগুলো হলো- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ (ইনু), জাতীয় পার্টি (জেপি)।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গত ২০ অক্টোবর নিবন্ধন পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/জিএনএ/২১০৮ ঘ.
bdnews24