২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তফসিল ঘোষণার আগেই দাবি মেনে নিন: সরকারকে দেলোয়ার

তফসিল ঘোষণার আগেই জরুরি অবস্থা প্রত্যাহার, উপজেলা নির্বাচন পেছানোর ঘোষণা ও দুই নেত্রীর নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তা চেয়েছে চার দল। রোববার সন্ধ্যায় চার দলের এক সমাবেশে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ দাবি তুলে ধরেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 12:52 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তফসিল ঘোষণার আগেই জরুরি অবস্থা প্রত্যাহার, উপজেলা নির্বাচন পেছানোর ঘোষণা ও দুই নেত্রীর নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তা চেয়েছে চার দল। রোববার সন্ধ্যায় চার দলের এক সমাবেশে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ দাবি তুলে ধরেন। তিনি জানান, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে 'চার দলীয় জোটের কর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের' প্রতিবাদে জোটের পক্ষ থেকে আগামী মঙ্গলবার সারাদেশে সমাবেশ করা হবে। বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে চার দলের সমাবেশে দেলোয়ার বলেন, ''আমরা নির্বাচনে অংশ নিতে চাই। আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে নির্বাচনের পরিবেশ তৈরি করুন। নির্বাচনের পথে আর কোনো বাধার (ব্লকেড) সৃষ্টি করবেন না।" জরুরি অবস্থা প্রত্যাহার, উপজেলা নির্বাচন পেছানো, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও 'রাজবন্দিদের' মুক্তি এবং 'হয়রানি' বন্ধ - এ পাঁচ দফা দাবিতে এই সমাবেশ কর্মসূচি পালন করে চার দল। সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে ক্ষোভের সুরে দেলোয়ার বলেন, ''সংলাপে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে, আজও তা কার্যকর হওয়ার কোনো লক্ষণ দেখছি না। অথচ ২ নভেম্বর তফসিল ঘোষণার কথা বলছে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন করতে চাই। সেজন্য আমাদের অবস্থানও পরিষ্কার করেছি। এখনই আমাদের দেওয়া দাবিগুলো পূরণ করে পরিবেশ তৈরির দায়িত্ব সরকারের।'' তিনি বলেন,'' চার দল নির্বাচনে যাক, এটা চাইলে দাবি পূরণে সরকার কেন বিলম্ব করছে, তা আমাদের বোধগম্য নয়।" দুই নেত্রী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা- সরকারকে তা পরিস্কার করার দাবি জানান দেলোয়ার। "কেবল আইনি প্রক্রিয়ার কথা বললে চলবে না। আমাদের অবস্থান পরিস্কার- খালেদা জিয়াকে ছাড়া আমরা নির্বাচনে যাব না। '' জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি প্রসঙ্গে তিনি বলেন,'' পূর্ণাঙ্গভাবেই জরুরি অবস্থা তুলে নিতে হবে। ধীরে ধীরে প্রত্যাহার করলে আমরা সেই পথে নেই।'' যারা খালেদা জিয়াকে 'মাইনাস করে' নির্বাচন করতে চায় তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। খোন্দকার দেলোয়ারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, মহানগর আমীর রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, মহানগর সভাপতি তৈয়বুর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মওলানা মোহাম্মদ শফিক উল্লাহ, বিএনপির খায়রুল কবীর খোকন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৮৪৪ঘ.