ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে ইউরোপীয় কমিশনের পর্যবেক্ষক দল আসার প্রাক্কালে ৬ নভেম্বরের পর থেকে জরুরি অবস্থা শিথিল করা হতে পারে।
পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী মঙ্গলবার একথা জানিয়েছেন।
আগামী ৬ নভেম্বর ইউরোপীয় কমিশনের ১০ সদস্যের প্রতিনিধি দলের বাংলাদেশে আসার কথা রয়েছে। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে এই প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় মিশন প্রধান স্টেফান ফ্রাওয়েনের সঙ্গে এক বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।
ইফতেখার আহমদ চৌধুরী বলেন, "অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জরুরি অবস্থা শিথিল করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। আমি আশা করছি, প্রতিনিধি দলের সফরের সময় এ ধরনের ঘোষণা দিতে পারে সরকার।"
ফ্রাওয়েন বলেন, "নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ দলের সফর নিয়ে উপদেষ্টার সঙ্গে আমার কথা হয়েছে। যেসব তথ্য পাওয়া যাচ্ছে তা থেকে জেনেছি, যত দ্রুত সম্ভব জরুরি অবস্থা শিথিলের ঘোষণা দেওয়া হতে পারে এবং আমরা আশা করছি সরকার দ্রুত এ ব্যাপারে ঘোষণা দেবে।"
তিনি জানান, নভেম্বরের ৬ তারিখ ১০ সদস্যের মূল দল আসবে এবং এর এক সপ্তাহ পর ১২ সদস্যের আরেকটি দীর্ঘ মেয়াদী পর্যবেক্ষক দল বাংলাদেশে পৌঁছাবে।
বাংলাদেশে জরুরি অবস্থার মধ্যে আসন্ন নির্বাচনে ইইউ পর্যবেক্ষকদের পেতে হলে সরকারকে বেশকিছু নাগরিক ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়েছে ইইউ।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সাধারণভাবে জরুরি অবস্থার মধ্যে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না।
নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ইউরোপীয় কমিশনের বহিঃসম্পর্ক বিভাগের কমিশনার বেনিতা ফেরেরো-ওয়াল্ডনার। বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য রাজি করাতে গত ২২ সেপ্টেম্বর বেনিতার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা।
অন্যদিকে নিউইয়কের্র জাতিসংঘ অধিবেশন থেকে ফিরে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ জানিয়েছিলেন 'অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বাথের্' আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত জরুরি অবস্থা বহাল রাখতে চায় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/১৮৪৪ঘ.
bdnews24