চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিযোগের প্রমাণ না পাওয়ায় কবরস্থানে মাটি অপসারণে দুর্নীতির মামলা থেকে সোমবার অব্যাহতি পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তবে আবর্জনা অপসারণের জন্য ট্রাক ভাড়ায় দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এ দুটি আদেশ দেন।
চট্টগ্রাম জাতীয় কবরস্থানে মাটি অপসারণে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সোমবার ছিল অভিযোগ গঠনের শুনানির দিন।
কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায় এবং যথাযথ তথ্যপ্রমাণ না থাকায় বিচারক মামলাটি খারিজ করে মহিউদ্দিন চৌধুরীকে অব্যাহতি দেন বলে জানান তার আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী।
কবরস্থানের মাটি অপসারণে ২ লাখ ৪০ হাজার টাকা অনিয়মের অভিযোগে ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মেয়র ও করপোরেশনের ঠিকাদার মো. শফির বিরুদ্ধে এ মামলা দায়ের করেছিল।
একই আদালত ট্রাক ভাড়ায় দুর্নীতি মামলায় মেয়র মহিউদ্দিনসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। আগামী ৩০ অক্টোবর এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
১৯৯৮ সালে সিটি করপোরেশনের আবর্জনা অপসারণের জন্য ট্রাক ভাড়ার ক্ষেত্রে ১১ লাখ টাকা দুর্নীতির অভিযোগে ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এ মামলা দায়ের করে।
এছাড়া মেয়র মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় আগামী ২৩ অক্টোবর অধিকতর শুনানির দিন ধার্য করেছে বিভাগীয় বিশেষ জজ আদালত।
আয় গোপন ও সম্পদের হিসাব বিবরণীতে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে চট্টগ্রাম কর অঞ্চলের অতিরিক্ত সহকারী কর কমিশনার জিয়াউল হক ২০০৭ সালের ৭ জুলাই মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/জেকে/এমএইচবি/২১৩২ ঘ.
bdnews24