২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের সহযোগী সংগঠন বিষয়ে সোমবার সিদ্ধান্ত দেবে ইসি

ছাত্র, শ্রমিক ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত সহযোগী সংগঠন বাদ দিয়ে আওয়ামী লীগকে গঠনতন্ত্রে ফের সংশোধনী আনতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে রোববার দলটির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ইসি সচিবালয়ের এ সংক্রান্ত টেকনিক্যাল কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র, শ্রমিক ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত সহযোগী সংগঠন বাদ দিয়ে আওয়ামী লীগকে গঠনতন্ত্রে ফের সংশোধনী আনতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে রোববার দলটির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ইসি সচিবালয়ের এ সংক্রান্ত টেকনিক্যাল কমিটি। বৈঠকে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের বিষয়ে গঠনতন্ত্রে আর কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই বলে মতামত তুলে ধরে। টেকনিক্যাল কমিটি বলছে, এ বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানাবে কমিটি। নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগের এ ব্যাখ্যা তুলে ধরা হবে। নিবন্ধন বিষয়ে অসামঞ্জস্য কিছু গঠনতন্ত্রে পেলে প্রয়োজনীয় সংশোধনী আনতে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে। রোববার আওয়ামী লীগ প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের 'নিবন্ধন আবেদন যাচাই-বাছাই কমিটি'র বৈঠকের পর কমিটির প্রধান, ইসি সচিবালয়ের যুগ্মসচিব এন আই খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। রোববার 'নিবন্ধন আবেদন যাচাই-বাছাই কমিটি'র সঙ্গে অ্যাডভোকেট আবদুল মান্নান খানের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধি দলের দেড়ঘণ্টা ধরে আলোচনা হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের দপ্তর দপ্তর এ্যাডভোকেট আবদুল মান্নান খান সাংবাদিকদের বলেন, "দলীয় গঠনতন্ত্রে সহযোগী সংগঠনের বিষয়ে কিছু অস্পষ্টতা ছিল এবং তা নিয়ে ইসির টেকনিক্যাল কমিটি শনিবার সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা জানতে চায়। টেকনিক্যাল কমিটিকে আমরা বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। আশা করি, ইসি আওয়ামী লীগকে দ্রুত নিবন্ধন দিবে।" ''আওয়ামী লীগের গঠনতন্ত্র অত্যন্ত গণতান্ত্রিক। তারপরও নিবন্ধনের সুবিধার্থে গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সমন্বয় রেখে গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়েছে। টেকনিক্যাল কমিটির কাছে এ বিষয়ে আলোচনার পর আর কোনো অস্পষ্টতা নেই। গঠনতন্ত্রে আর সংশোধনের প্রয়োজন হবে না।'' টেকনিক্যাল কমিটির প্রধান এন আই খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আওয়ামী লীগের ব্যাখ্যা আমরা শুনেছি। এখন ইসির সঙ্গে আলোচনা পর প্রয়োজন হলে আওয়ামী লীগকে চিঠি দিতে পারি।'' রোববার সকালে ইসি সচিবালয়ের উপ সচিব একেএম সলিমউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "নিবন্ধনের আবেদনপত্র যাচাইবাছাই কমিটি'র সুপারিশ অনুযায়ী ইসি দলটির কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিকালে প্রতিনিধি দল এলে তাদের হাতেই এ চিঠি দেয়া হবে।" এর আগে শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে এ বিষয়ে ইসি সচিবালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। এরই ধারাবাহিকতায় খসড়া গঠনতন্ত্রের সংশোধনের বিষয়ে জানতে আওয়ামী লীগের প্রতিনিধি দল ইসিতে যায়। গত ১৫ অক্টোবর আওয়ামী লীগ সংশোধিত গঠনতন্ত্রসহ দলের নিবন্ধনের জন্য ইসির কাছে আবেদন করেন। রোববার পর্যন্ত আওয়ামী লীগ সহ ৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সোমবার আবেদন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএইচবি/২০২৬ ঘ.