ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আরেক দফা সরকারের সঙ্গে সংলাপে বসছে আওয়ামী লীগ। দু'একদিনের মধ্যে এ সংলাপের দিনক্ষণ জানা যাবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার সন্ধ্যায় তার ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আশরাফ।
সৈয়দ আশরাফ বলেন," আরেক দফা সংলাপের জন্য সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দু'একদিনের এ বিষয়ে জানতে পারবেন।'
তিনি জানান নতুন দফা সংলাপে জরুরি অবস্থা প্রত্যাহার, শেখ হাসিনার স্থায়ী মুক্তি, উপজেলা নির্বাচন পেছানো, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ঘোষিত সময়ে নির্বাচন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে করণীয় ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এছাড়া নির্বাচন পরবর্তী সময়ে দেশ পরিচালনার ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় নিয়ে কথা হবে। বিশেষ করে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, দুদক ও বিচার বিভাগের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাচনের পরে যাতে দলীয়করণের শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন,"অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্টই আসুক না কেন এ সরকারের ভালো কাজের বৈধতা দিতে হবে। সরকারের ভালো কাজের অনুমোদন শুধু আমরা কেন, সবাই দেবে।"
১৮ ডিসেম্বর এদেশে জাতীয় নির্বাচন হবেই- এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন আন্তর্জাতিক জনমত নির্বাচনের পক্ষে, দেশের রাজনৈতিক দল ও জনগণও নির্বাচনের পক্ষে। এছাড়া সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণেও বলেছেন ১৮ ডিসেম্বর নির্বাচন হবে। ..সুতরাং নির্বাচন হবে না একথা মানতে রাজী নই আমি।"
তিনি এক প্রশ্নের জবাবে বলেন,"শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে। এর কোনো বিকল্প নেই।"
শেখ হাসিনাকে স্থায়ী মুক্তি না দিলে প্রয়োজনে বড় আন্দোলনে যাওয়ার কথা উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন," আশা করি তার প্রয়োজন হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২১৫৮ঘ.
bdnews24