ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলকে দেওয়া জামিনের মেয়াদ ছয় মাস বাড়িয়েছে হাইকোর্ট।
জলিলের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ এ আদেশ দেয়।
অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় গত ১০ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ২০ অক্টোবর পর্যন্ত জামিন দেয় হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চ।
দুদকের উপ সহকারী পরিচালক এনামুল হক গত বছরের ২৫ ডিসেম্বর রমনা থানায় আবদুল জলিলের বিরুদ্ধে মামলাটি করেছিলেন।
মামলায় জলিলের বিরুদ্ধে তার জমা দেওয়া হিসাব বিবরণীতে ৬৩ লাখ ৮২ হাজার টাকার সম্পত্তি কম দেখানো এবং ৬৫ লাখ ২৯ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগ আনা হয়।
গত বছর ২৮ মে আবদুল জলিলকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে এ বছর ২ মার্চ চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি পান তিনি।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে গত ৩১ আগস্ট তিনি দেশে ফিরেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২০০৬ ঘ.
bdnews24