ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও গণফোরাম নিবন্ধনের জন্য মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) আবেদনপত্র জমা দিয়েছে। এ নিয়ে ১৮টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে।
আওয়ামী লীগ বুধবার আবেদনপত্র জমা দেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
কয়েকটি দলের দেওয়া তথ্য যাচাইয়ের কাজ এরই মধ্যে শুরু হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত উপসচিব (প্রশাসন) জেসমিন টুলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
টুলী বলেন, ''রাজনৈতিক দলের আবেদনগুলো যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি কাজ করছে। নিবন্ধনের জন্য আবেদন করা বেশ কিছু দলের উপজেলা কমিটির দপ্তর আছে কিনা- জানাতে আমরা জেলা ও উপজেলা নির্বাচন অফিসে চিঠি পাঠিয়েছি।''
কমিশনের উপসচিব স্বাক্ষরিত চিঠিটি মঙ্গলবারই পাঠানো হয়েছে বলে জানান তিনি।
যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ফরহাদ আহম্মদ খান জানান, দলগুলোর নিবন্ধনের জন্য ২৬ আগস্ট থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় শুরু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত শতাধিক দল ১৬৮টি আবেদনপত্র সংগ্রহ করলেও এর মধ্যে অবেদন করেছে ১৮টি রাজনৈতিক দল।
নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দেওয়া দলগুলো হল-সিপিবি, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্পধারা বাংলাদেশ, ইসলামী ফ্রন্ট, জাতীয় পার্টি (জেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, কৃষক-শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), ফ্রীডম পার্টি, নির্দলীয় জন আন্দোলন, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশের কৃষক-শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, বাংলাদেশ মুক্তি ঐক্যদল ও নয়া সমাজ দল।
আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় রয়েছে। আওয়ামী লীগ বুধবার আবেদনপত্র জমা দেবে। অন্যদিকে, বিএনপি ও জামায়াতসহ ৪ দলীয় জোট মঙ্গলবার পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করেনি।
নতুন আইনে শুধু নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে। তবে নিবন্ধিত দলের বাইরে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএইচবি/২১২২ ঘ.
bdnews24